ক্রীড়া ডেস্ক : ঘরোয়া লিগ আর ইউরোপিয়ান প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমের শুরু থেকেই অপরাজিত ছিল পিএসজি। ‘ছিল’ বলতে হচ্ছে, কারণ কাল তাদের সেই অপরাজেয় যাত্রা থেমে গেছে। লিগ ওয়ানে পয়েন্ট টেবিলে তলানির সারির দল স্ট্রাসবুর্গের মাঠে ২-১ গোলে হেরেছে নেইমার-কাভানিদের দল।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল পিএসজি। ১৩ মিনিটে নুনো দা কস্তা গোল করে এগিয়ে দেন স্বাগতিক স্ট্রাসবুর্গকে।
প্রথমার্ধের নির্ধারিত সময় শেষ হওয়ার তিন মিনিট আগে পিএসজিকে সমতায় ফেরান কাইলিয়ান এমবাপে (১-১)। কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৫ মিনিটে স্ট্রাসবুর্গ স্ট্রাইকার স্টেফান বাওকেনের গোলে শেষ পর্যন্ত পরাজয়ের তিক্ততা নিয়ে মাঠ ছাড়তে হয় অতিথিদের।
সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচ পর হারল পিএসজি। তারা সর্বশেষ হেরেছিল গত ৩০ এপ্রিল নিসের কাছে ৩-১ গোলে। হারলেও ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে পিএসজি।


