ক্রীড়া ডেস্ক : টেস্ট ক্রিকেট অভিষেকে ক্যারিয়ারের প্রথম বলেই হিট উইকেট হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে অপ্রত্যাশিত রেকর্ডকে সঙ্গী করেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল অ্যামব্রিস। টেস্টে ইতিহাসে প্রথমবারের মতো এমন রেকর্ডের পর একই টেস্টের দ্বিতীয় ইনিংসে আরও একটি রেকর্ড বইয়ে নাম লেখালেন অ্যামব্রিস।
প্রথম ইনিংসে হিট উইকেটে গোল্ডেন ডাকের রেকর্ড এর পর এবার দ্বিতীয় ইনিংসে ছক্কা মেরে আন্তর্জাতিক টেস্টে রানের খাতা খুললেন অ্যামব্রিস। ছক্কা মেরে ক্যারিয়ারে রানে খাতা খোলা ব্যাটসম্যানদের তালিকায় অ্যামব্রিস ষষ্ঠ।
ওয়েলিংটনে প্রথম ইনিংসে হিট উইকেটে গোল্ডেন ডাকের দ্বিতীয় ইনিংসে রান এসেছে অ্যামব্রিসের ব্যাট থেকে। দ্বিতীয় ইনিংসে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ব্যাট করতে নেমে ১৮ রান করেছেন তিনি। নিউজিল্যান্ডের তারকা বোলার ট্রেন্ট বোল্টের করা ওভারের প্রথম দুটি বলে রান নেওয়ার সুযোগ পাননি অ্যামব্রিস। তৃতীয় বলে ফাইন লেগ অঞ্চলে দুর্দান্ত এক ছক্কায় টেস্ট ক্যারিয়ারে নিজের রানের খাতা খুলেন অ্যামব্রিস।
সবশেষ ২০১৬ সালের জুলাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কান ক্রিকেটার ধনঞ্জয়া ডি সিলভা ছক্কা মেরে নিজের টেস্ট ক্যারিয়ারে রানে খাতা খুলেছিলেন। টেস্টে ছক্কায় রানের খাতা খোলার প্রথম রেকর্ডটা করেছিলেন এরিক ফ্রিম্যান। ব্রিসবেনে ভারতের বিপক্ষে ১৯৬৮ সালে অস্ট্রেলিয়ার ফ্রিম্যান এমন কীর্তি গড়েন। ১৯৮৬ সালে তার সঙ্গে যোগ দেন যোগ দেন ওয়েস্ট ইন্ডিজের কারলিসলি বেস্ট। এরপর ২০০৫ সালে নিউজিল্যান্ডের কেইথ দাবেনগাওয়া ও ২০১৪ সালে নিউজিল্যান্ডের মার্ক ক্রেইগ এই কীর্তি গড়েন।


