আরজিনা প্রধান আসামি

নিজস্ব প্রতিবেদক : আরজিনা বেগমকে প্রধান করে চার্জশিট তৈরি করা হচ্ছে। তার পরিকল্পনায় স্বামী ও মেয়েকে হত্যা করে ডাকাতি নাটক সাজানোর চেষ্টা করা হয়েছিল বলে পুলিশ তদন্তে নিশ্চিত হয়েছে।

শনিবার বিকেলে বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াজেদ মিয়া বলেন, ‘আরজিনার বিবাহ-বহির্ভূত সম্পর্কের কারণেই এ ঘটনা ঘটেছে। একই বাসায় থাকায় আরজিনা ও শাহিন মল্লিক গোপনে ঘনিষ্ঠ হয়। বিয়ে করার পরিকল্পনাও করে। পালিয়ে যেতে চেয়েছিল। আরজিনা স্বামীকে ডিভোর্স দিতেও চেয়েছিলেন। মামলার তদন্তে এসব বিষয় এসেছে। এ কারণেই আরজিনাকে প্রধান আসামি করা হবে। এছাড়া শাহিনকেও তদন্ত প্রতিবেদনে আসামি করা হবে।’

তদন্ত-সংশ্লিষ্টরা জানতে পেরেছেন, ঘটনার আগে শাহিন মল্লিকের হাতে সোনার গহনা দিয়ে দেন আরজিনা। সেগুলো নিয়ে শাহিন খুলনায় চলে যায়। আর ডাকাতের হাতে স্বামী ও মেয়ে খুন হয়েছে এমন বিষয় প্রতিষ্ঠা করতে অভিনয়ও শুরু করেন। আরজিনা স্বামী জামাল শেখকে ডিভোর্স দিতে চেয়েছিলেন। তবে শাহিন অন্য কোনো উপায় বের করতে বলে। এরপরই হত্যার পরিকল্পনা করা হয়। আর ঘটনার দিন সন্ধ্যায় শাহিন বাসার নিচ থেকে একটি কাঠ নিয়ে আসে। পূর্বপরিকল্পনায় অনুয়ায়ী ঘটনার দিন রাতের খাবার শেষে রুমের দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়েন আরজিনা। মধ্যরাতে শাহিন ঘরে ঢুকে কাঠ দিয়ে জামিলের মাথায় আঘাত করে। জামিল ঘুম থেকে জেগে গিয়ে শাহিনকে বলতে থাকেন, ‘আমাকে মারিস কেন?’ এরপর শাহিন ফের তাকে আঘাত করে। তখন মেয়ে নূসরাত জেগে যায়। জামিল অচেতন হয়ে গেলে আরজিনা ও শাহিন রুমের বাইরে চলে যায়। এরপর ঘরে ফিরে নূসরাতের গলা চেপে ধরে শাহিন। মেয়েটি চিৎকার করলে তার মুখে বালিশ চাপা দেন আরজিনা। এসব বর্ণনা আদালতে যে চার্জশিট দেওয়া হবে সেখানে তুলে ধরা হবে।

নিহতের ভাই শামীম শেখ বলেন, ‘ভাইকে তো আর পাবো না। কিন্তু যারা এ কাজ করেছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।’

উল্লেখ্য, ১ নভেম্বর উত্তর বাড্ডার ৩০৬ নম্বর বাসায় জামিল শেখ ও তার মেয়ে নূসরাতকে খুন করা হয়। জামিল পেশায় গাড়িচালক ছিলেন।