এক দিনে দুই ঘটনা ভারতের জয়ের দিনে কোহলির হারের রেকর্ড

ক্রীড়া ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ ওয়ানডেতে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েছেন বিরাট কোহলি। এই জয়ের ফলে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। ভারতের এমন জয় ও সিরিজ জয়ের দিনে হারের রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। সেটা অবশ্য টস হারের রেকর্ড।

বৃহস্পতিবার রাতেও তিনি টস হারেন। এই হারের মধ্য দিয়ে টানা পঞ্চম ম্যাচে টস হারেন তিনি। টানা পাঁচ ম্যাচে টস হারার মধ্য দিয়ে ভারতের ক্রিকেট ইতিহাসে চতুর্থ কোনো অধিনায়ক হিসেবে এক সিরিজের সব ম্যাচেই টস হারার নজির স্থাপন করেছেন। কোহলির অবশ্য টস ভাগ্য ভালো নয়। ভারতকে এ পর্যন্ত ৩০টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার মধ্যে কেবল ১৩টিতে টস জিতেছেন। হেরেছেন বাকি ১৭টিতে!

কোহলির আগে ধোনি ২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের পাঁচটিতেই টস হেরেছিলেন। ভারতের সর্বকালের অন্যতম সফল অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি ১৯৯ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে টস জিতেছেন মাত্র ৯৭ বার। এরপর আজিঙ্কা রাহানে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তিনটিতেই টস হেরেছিলেন।

সুনীল গাভাস্কার ছিলেন প্রথম ভারতীয় অধিনায়ক যিনি টানা পাঁচ ম্যাচে টস হেরেছিলেন। ১৯৮৪/৮৫ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই নজির স্থাপন করেছিলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে কোহলি বাহিনী শ্রীলঙ্কা সফর করবে। শ্রীলঙ্কার বিপক্ষে তারা তিন ম্যাচ টেস্ট, পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ ও একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ১৯ জুলাই থেকে শুরু হবে এই সিরিজ।