এ রায় ঐতিহাসিক

নিজস্ব প্রতিবেদক : বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে নেওয়া ষোড়শ সংশোধনী বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখে আপিল বিভাগ যে রায় দিয়েছেন সেই রায়কে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ।

তিনি বলেছেন, ‘রায়ের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার নতুন দিগন্ত উন্মোচন হলো।’

সোমবার রায় ঘোষণা হওয়ার পর সাংবাদিকদের কাছে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

মনজিল মোরসেদ বলেন, ‘বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে আজ ঐতিহাসিক রায় দিয়েছেন আপিল বিভাগ। উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা ষোড়শ সংশোধনীর মাধ্যমে সংসদের হাতে নেওয়া হয়েছিল, এ রায়ের মাধ্যমে তা খারিজ ও অকার্যকর হয়ে গেল। এখন থেকে বিচারকদের অপসারণের বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে পদক্ষেপ গ্রহণ করা যাবে।’

তিনি বলেন, ‘বিচার বিভাগের স্বাধীনতার জন্য চার দশক পর নতুন দিগন্ত উন্মোচন হলো। এ দেশের অধিকাংশ মানুষ মনে করে এই সংশোধনী থাকলে বিচারপতিরা স্বাধীনভাবে কাজ করতে পারত না। যার কারণে এ দেশের জনগণ ন্যায়বিচার পাওয়া থেকে বঞ্চিত হতো। এ রায়ের মাধ্যমে বিচার বিভাগের ইতিহাসে ও জনগণের স্বার্থে এক ঐতিহাসিক রায় প্রকাশ করা হলো। আমরা আইনজীবীরা সবাই খুশি।’

এ রায়ের মাধ্যমে জাতীয় সংসদের সঙ্গে বিচার বিভাগের কোনো বিরোধ হবে কি না, সাংবাদিকরা জানতে চাইলে মনজিল মোরসেদ বলেন, ‘আমাদের সংবিধানে বলা আছে, আপিল বিভাগ যে সিদ্ধান্ত দেবে সেটা সবাইকে মানতে হবে। আপিল বিভাগ যে সিদ্ধান্ত দেবে সেটি চূড়ান্ত। আপিল বিভাগ যখন সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, বিচার বিভাগের সঙ্গে জাতীয় সংসদের কোনো বিরোধের কোনো সুযোগ নেই। বরং যে বিরোধ ছিল তা দূর হলো।’

সুপ্রিম কোর্টের রায় দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আপিল বিভাগের সাত বিচারপতি একমত হয়ে এ রায় ঘোষণা করেছেন।’