ওয়ার্নারের ৬ হাজার রানের মাইলফলক

ক্রীড়া ডেস্ক: বক্সি ডে টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরির দেখা পেয়েছেন অস্ট্রেলিয়া ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। ঘরের মাঠে এ সেঞ্চুরিতে ৬ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন অসি এ ওপেনার।

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ অ্যাশেজে ৩-০ ব্যবধানে জিতে সিরিজ ইতিমধ্যেই নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। মেলবোর্নে এগিয়ে যাওয়ার লড়াইয়ে আজ চতুর্থ টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে দলটি। বক্সি ডে টেস্টে টস জিতে আগে ব্যাটিং শুরু করে দারুণ অবস্থানে রয়েছে স্বাগতিকরা।

মেলবোর্নে ব্যাট করতে নেমে ক্যারিয়ারের ২১তম টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছেন ওয়ার্নার। ২১ সেঞ্চুরির ১৫টিই ঘরের মাঠে এসেছে তার। মেলবোর্নে এটি তার দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি আর ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয়।

নিজের ২১তম টেস্ট সেঞ্চুরির মধ্য দিয়ে ৬ হাজার রানের মাইলফলক ছাড়িয়ে গেছেন ওয়ার্নার। ১২৯ ইনিংসে টেস্টে ৬ হাজার রানের মাইলফলকে পৌঁছলেন অসি এ ওপেনার। অস্ট্রেলিয়ার হয়ে এই মাইলফলকে পৌঁছতে চতুর্থ দ্রুত ব্যাটসম্যান তিনি। টেস্টে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের মধ্যে ১৪তম অবস্থানে রয়েছেন ওয়ার্নার। ১৩ হাজার ৩৭৮ রান নিয়ে অসি ব্যাটসম্যানদের তালিকায় সর্বোচ্চ অবস্থানে রয়েছেন রিকি পন্টিং।

মেলবোর্নে আজ ১০৩ রানে আউট করেছেন ওয়ার্নার। ১৫১ বলে ১৩ চার ও ১ ছক্কায় এ ইনিংসের পর ইংল্যান্ড বোলার জেমস অ্যান্ডারসনের বলে জনি বেয়ারস্টোর হাতে ধরা পড়েছেন তিনি।