কর্মবিরতি পালন শুরু করেছেন গোপালগঞ্জের চার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা

গোপালগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা কেন্দ্রীয় সরকারি কোষাগার থেকে প্রাপ্তির দাবিতে টানা দুই দিনের পূর্ণদিবস কর্মবিরতি পালন শুরু করেছেন গোপালগঞ্জের চার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার কর্মবিরতির প্রথম দিনে সকাল থেকে গোপালগঞ্জ, কোটালীপাড়া, টুঙ্গীপাড়া ও মুকসুদপুর পৌরসভা চত্বরে জড়ো হন কর্মকর্তা-কর্মচারীরা। তারা অফিসের বাইরে অবস্থান নিয়ে দাবি পূরণের স্বপক্ষে বিভিন্ন স্লোগান দেন।

তারা অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন শুরু করেন। কর্মবিরতির ফলে পৌরসভার অফিস ছিল লোকশূন্য। তবে বিভিন্ন কাজের জন্য অনেকে পৌরসভায় আসলে কাজ না করেই ফিরে যান। ফলে এক প্রকার স্থবির হয়ে পড়েছে পৌরসভা। এ কর্মবিরতি মঙ্গলবার সন্ধ্যা ৬টা পযর্ন্ত চলবে।

গোপালগঞ্জ জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী সমিতির সভাপতি সাজ্জাদ হোসেন বলেন, ‘আমাদের দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চলবে। তবে পানি সেবা বাদে সকল সেবা বন্ধ থাকবে। আমরা সকল মানুষকে সেবা দিয়ে থাকে। আমরা যদি সরকারি কোষাগার থেকে বেতন না পাই তাহলে ছেলে-মেয়ে পরিবার-পরিজন নিয়ে আমাদের দুর্বিষহ জীবন কাটাতে হয়।’