খালাস পাবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক : ‘মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা প্রতিবেদনে খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো প্রমাণ দাখিল করতে পারেননি। আশা করি, খালেদা জিয়া সকল অভিযোগ থেকে খালাস পাবেন।’

বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামানের আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপনকালে এসব কথা বলেন তার আইনজীবী আব্দুর রেজ্জাক খান।

আব্দুর রেজ্জাক খান বিচারকের উদ্দেশে বলেন, ‘এই মামলার চূড়ান্ত প্রতিবেদনের সময়েই খালেদা জিয়াকে খালাস দেওয়া উচিত ছিল। কিন্তু তা বিশেষ কারণে করা হয়নি। আমি আশা করি, স্বাধীনভাবে আপনি ন্যায়বিচার করবেন এবং তিনি খালাস পাবেন।’

খালেদা জিয়ার এ আইনজীবী বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় করা অভিযোগের সঙ্গে খালেদা জিয়া জড়িত ছিলেন না। মামলার এজাহারে তার বিরুদ্ধে কোনো বক্তব্য নেই। কোনো সাক্ষীও তার বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। খালেদা জিয়া এই ট্রাস্টের টাকা উঠিয়েছেন বা আত্মসাৎ করেছেন- এরকম কোনো প্রমাণ দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে দেখানো সম্ভব হয়নি। কিছু ছায়া প্রমাণ দিয়ে মামলা সাজানো হয়েছে। এর কোনো ভিত্তি নেই।

সারা দেশে এত মামলা থাকতে দুদক এই মামলার বিষয়ে এত আগ্রহী কেন, সে প্রশ্নও তোলেন আব্দুর রেজ্জাক খান।

তিনি বলেন, বিদেশ থেকে কে টাকা পাঠিয়েছে, দুদক আদালতে তা উত্থাপন করতে পারেনি। খালেদা জিয়ার অনুমোদনের কথা বলা হলেও অনুমোদনের নথি কেউ দেখেন নাই। তার বিরুদ্ধে আনা অনুমোদনের অভিযোগ সত্য নয়।

তিনি আরো বলেন, দণ্ডবিধির ৪০৯ ধারার অভিযোগ সম্বন্ধে কোনো সাক্ষী খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে বলেননি। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মোস্তাফিজুর রহমান এ মামলার বিষয়বস্তুর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাকে এ মামলায় আসামি করা হয়নি। মামলার বাদী ছাড়া আর কোনো সাক্ষী বলেননি যে, খালেদা জিয়া অ্যাকাউন্ট খুলেছেন।

মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন আব্দুর রেজ্জাক খান।

এদিন খালেদা জিয়ার পক্ষে আব্দুর রেজ্জাক খান যুক্তি উপস্থাপন শেষ করেন। এরপর খালেদা জিয়ার আরেক আইনজীবী খন্দকার মাহবুব হোসেন যুক্তি উপস্থাপন শুরু করেন।

খন্দকার মাহবুব হোসেন বলেন, আমরা যা-ই বলি না কেন, সাক্ষ্য-প্রমাণে যা-ই থাকুক না কেন, রাজনৈতিকভাবে দায়ের করা হয়েছে এ মামলা। আর এ মামলার উদ্দেশ্য হলো যেকোনোভাবেই বলতে হবে, কেষ্টা বেটাই চোর।

এর আগে দুই মামলায় হাজিরা দিতে বেলা সোয়া ১১টায় আদালতে হাজির হন খালেদা জিয়া। ১১টা ২০ মিনিটে আদালতের কার্যক্রম শুরু হয়। টানা সাড়ে ১২টা পর্যন্ত যুক্তি তুলে ধরেন আব্দুর রেজ্জাক খান। এরপর আদালত ১৫ মিনিটের বিরতিতে যান। দুপুর ১২টা ৫০ মিনিটে পুনরায় মামলার কার্যক্রম শুরু হয়। ২টা ১৫ মিনিট পর্যন্ত যুক্তি তুলে ধরা হয়। এরপর খন্দকার মাহবুব হোসেন যুক্তি তুলে ধরেন। ২টা ২৫ মিনিট পর্যন্ত চলে মামলার কার্যক্রম। এরপর আগামীকাল বৃহস্পতিবার অবশিষ্ট যুক্তি উপস্থাপনের দিন ধার্য করেন আদালত। বেলা আড়াইটার দিকে খালেদা জিয়া আদালত ছেড়ে চলে যান।

এদিকে, খালেদা জিয়ার আদালতে আসাকে কেন্দ্র করে বিএনপির কিছু জ্যেষ্ঠ নেতা আদালতে উপস্থিত হন। এদের মধ্যে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ, রুহুল কবির রিজভী, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, আফরোজা আব্বাস, মোয়াজ্জেম হোসেন আলাল।

খালেদা জিয়ার আইনজীবীদের মধ্যে ছিলেন জমির উদ্দিন সরকার, জয়নুল আবেদীন, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, রোহান উদ্দিন, জাকির হোসেন ভূঁইয়া, আমিনুল ইসলাম, হান্নান ভূঁইয়া প্রমুখ।

প্রসঙ্গত, ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

মামলাটিতে বিএনপি নেতা হারিছ চৌধুরী এবং তার তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি করপোরেশনের প্রাক্তন মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান আসামি।

এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এ মামলা দায়ের করা হয়।

২০০৯ সালের ৫ আগস্ট দুদক আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

অভিযোগপত্রে খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, প্রাক্তন এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাক্তন সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে আসামি করা হয়।

দুই মামলায় খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ১৯ মার্চ তৎকালীন বিচারক বাসুদেব রায় অভিযোগ গঠন করেন।