খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ১৮ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে করা মানহানির মামলায় সোমবার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন শাহবাগ থানা পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ তারিখ ঠিক করেন।

গত ২৫ জানুয়ারি আদালতে মামলাটি করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিক। ওই দিন আদালত শাহবাগ থানা পুলিশকে অভিযোগের বিষয় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে খালেদা জিয়া বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।