গাজীপুরে আগুনে ৭ দোকান,৮ বাড়ি পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে গ্যাস লাইন থেকে আগুন লেগে আটটি বসতঘর ও সাতটি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার ভোরে গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, নাওজোর এলাকায় হাজী মোস্তফা কামালের মালিকানাধীন হাবিবুল্লাহ সুপার মার্কেটের সামনে গ্যাস পাইপের লিক থেকে গ্যাস বের হচ্ছিল। ভোর পৌনে ৫টার দিকে সেখান থেকে আগুন লেগে পাশের মার্কেট ও বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

আগুনে হাজী মোস্তফা কামালের মালিকানাধীন সেমিপাকা সাতটি দোকানঘর ও সংলগ্ন আটটি বসতঘর পুড়ে যায়। বিড়ি-সিগারেটের আগুন থেকে এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।