ক্রীড়া ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল রাতে এএফসি বোর্নামাউথকে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠে সার্জিও আগুয়েরো ও রহিম স্টার্লিংদের গোলে ৪-০ ব্যবধানে জয় পেয়েছে সিটিজেনরা। আর এ জয়ে ইংলিশ লিগে এক পঞ্জিকাবর্ষে ১০০ গোলের মাইলফলক ছাড়িয়ে গেলে পেপ গার্দিওলার দলটি।
সবশেষ ১৯৮২ সালে ইংলিশ ক্লাব লিভারপুল এক পঞ্জিকাবর্ষে ১০৬ গোল করেছিল।প্রতিযোগিতাপূর্ন ইংলিশ লিগে শতগোলের মাইলফলক ছোঁয়া চাট্টিখানি কথা নয়। তবে এবার উড়তে থাকা ম্যানসিটির গোল সংখ্যা ১০১টি।
শনিবার টানা ১৭তম লিগ ম্যাচ জয় পেল ম্যানসিটি। গোলের জন্য লক্ষ্যে ৫টি শট নিয়ে চারটিতেই সফল তারা। ২৭ মিনিটে আগুয়েরোর গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে সিটিজেনরা। বিশ্রাম শেষে ম্যাচের ৭৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান তিনি। আর্জেন্টাইন তারকার দুই গোলের মাঝে ম্যাচের ৫৩ মিনিটে রহিম স্টার্লিং করেন ম্যানসিটির দ্বিতীয় গোল। ৮৫ মিনিটে স্বাগতিকদের হয়ে শেষ গোলটি করেন দানিলো। শেষপর্যন্ত ৪-০ ব্যবধানে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।
ইংলিশ লিগে এ জয়ে ১৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে চলতি মৌসুমের শিরোপা প্রত্যাশী দল ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে ১৪ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাউটেড।


