চকবাজারে কম্প্রেসর বিস্ফোরণে আরও একজন মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার চকবাজারে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) কম্প্রেসর বিস্ফোরণে দগ্ধ শামিম হোসেন (২৫) নামে আরও একজন মারা গেছেন।

মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই ঘটনায় চারজন মারা গেলেন।

বার্ন ইউনিটের আবাসিক সাজন ডা. পার্থ শংকর পাল বলেন, ‘শামিমের শ্বাসনালী পুড়ে যায়। এ কারণে চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি।’

হাসপাতাল থেকে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে শামিম মারা যান। বিকেলে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত চারজনের মধ্যে দুজন দোকানের শ্রমিক, বাকি দুজন ক্রেতা ছিলেন।

উল্লেখ্য, গত ২ জুলাই চকবাজারের হরনাথ ঘোষ রোডের তাবা ইলেকট্রনিক্সে এসির কম্প্রেসর বিস্ফোরণের ঘটনা ঘটে। বেশ কয়েকজন দগ্ধ হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ৯ জুলাই মাসুম, পরদিন আবুল কাশেম এবং ১২ জুলাই জাকির হোসেন মারা যান।