চাটমোহরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হলো

চলনবিল থেকে আলহাজ আলী রনি ঃ চলনবিলের চাটমোহর উপজেলার গুনাইগাছা খেলার মাঠের পাশে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভটি ভেঙ্গে গুঁড়িয়ে ফেলা হয়েছে। গুনাইগাছা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল ইসলামের নির্দেশে এই স্মৃতিস্তম্ভটি ভেঙ্গে ফেলা হয় বলে এলাকাবাসী ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। স্মৃতিস্তম্ভটি ভেঙ্গে ফেলার পর সেখানকার ইট অন্যত্র ফেলে রাখা হয়েছে এবং মাটি সমান করা হয়েছে। কোন চিহ্নই এখন আর নেই। মহান বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভটি ভেঙ্গে গুঁড়িয়ে ফেলায় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী চরম ক্ষোভ প্রকাশ করেছেন। শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা চরম ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে এর প্রতিকার চেয়েছেন।
চাটমোহর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এসএম মোজাহারুল হক বলেন, বিষয়টি আমি জানি না। শোনার পর বলেছি, এটা ভেঙ্গে ফেলা মোটেই ঠিক হয়নি। যদি সেটা অন্যত্র সরানোর দরকার হতো, তাহলে অবশ্যই আমাদের সাথে আলোচনা করা উচিত ছিলো। ওখানে ৩ জন শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতিফলক থাকাটা দরকার। যদি এটা চেয়ারম্যান করে থাকে তাহলে খুবই দুঃখজনক।
এ বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার বলেন, শহীদ পরিবারেরা এমপি মহোদয়ের কাছে স্মারকলিপি দিয়েছেন সৃতিস্তম্ভটি সরিয়ে নেওয়ার জন্য সৃতিস্তম্ভটি খেলার মাঠের মাঝখান থেকে সরিয়ে শহীদ মিনারের কাছে ভাল করে স্থাপনের জন্য অনুমতি প্রদান করেছেন। এ বিষয়টি মাননীয় জাতীয় সংসদ সদস্য অবগত আছেন।