ছিনতাইয়ের মামলায় উত্তরা পূর্ব থানা পুলিশের এএসআই আলমগীর হোসেনের জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক : প্রায় পনের লাখ টাকা ছিনতাইয়ের মামলায় উত্তরা পূর্ব থানা পুলিশের এএসআই আলমগীর হোসেনের জামিন মঞ্জুর করেছে আদালত।

বুধবার ঢাকা মহানগর হাকিম ও দ্রুত বিচার আদালতের বিচারক মো. সাজ্জাদুর রহমান শুনানি শেষে জামিন মঞ্জুরের আদেশ দেন।

এদিকে এদিন মামলার বাদী মো. ইলিয়াস (৩০) এবং জব্দ তালিকার সাক্ষী মোহাম্মাদ হোসেন আদালতে আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করেছেন। একই বিচারক সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেন। তাদের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আগামী ২৩ জুলাই পরবর্তী সাক্ষ্যের দিন ধার্য করেছেন।

সংশ্লিষ্ট আদালতের ভারপ্রাপ্ত স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান বলেন, এ মামলায় অপর আসামি প্রাক্তন সেনা সদস্য মাসুম বিল্লাহ কারাগারে রয়েছেন।

এর আগে গত ১৯ জুন একই আদালত দ্রুত বিচার আইনের এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

মামলাটিতে গত ৬ এপ্রিল আলমগীর হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়। ওই রিমান্ড শেষে গত ৯ এপ্রিল আসামিকে কারাগারে পাঠায় আদালত। আর ৬ এপ্রিল মামলার অপর আসামি মাসুম বিল্লাহ আদালতে দোষ স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে।

মাসুম বিল্লাহ জবানবন্দিতে বলেছেন, ছিনতাইয়ের সময় এএসআই আলমগীর হোসেনও তার সঙ্গে ছিলেন এবং ডিবি পরিচয়ে ভিকটিমকে তুলে নেওয়ার চেষ্টা করেন। ছিনতাই করা পনের লাখ ৪ হাজার টাকার সমপরিমাণের ইউএস ডলারে মধ্যে ৪ লাখ টাকার সমপরিমাণের ইউএস ডলার এএসআই আলমগীর নিয়েছেন মর্মেও বলেছেন।

নড়াইল জেলার নড়াগাতি থানার খাসিয়া মধ্যপাড়ার বাসিন্দা মো. ইলিয়াস (৩০) এ মামলার এজাহারে অভিযোগ করেন যে, তিনি লতিফ ইম্পেরিয়াল মার্কেটস্থ এইচএস মানি এক্সচেঞ্জের মালিক। গত ৪ এপ্রিল তিনি রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন রাজলক্ষ্মী মার্কেটের সামনে গাড়ির জন্য দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ ঢাকা মেট্টো-গ-১৯-০৯৭০ নম্বরের সাদা একটি প্রাইভেটকার তার সামনে থামে। গাড়ি থেকে কয়েকজন লোক নেমে ডিবি পরিচয়ে দিয়ে তাকে গাড়িতে তুলে নেয়। একপর্যায়ে কালো কাপড় দিয়ে তার চোখ বাঁধে। এরপর তারা তার কাছে থাকা মানি এক্সচেঞ্জের ১৮ হাজার ৮০০ ইউএস ডলার যার বর্তমান বাংলাদেশের বাজার মূল্য ১৫ লাখ চার হাজার টাকা তা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ওই সময় ইলিয়াসের ডাক-চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে আসামিরা তাদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু উপস্থিত জনতা গাড়ি আটকে মাসুম বিল্লাহকে আটক করে এবং অপর ৪ জন পালিয়ে যায়। পরে পুলিশ মাসুম বিল্লাকে জিজ্ঞাসাবাদ করলে সে এই ঘটনায় পালিয়ে যাওয়া আসামি এএসআই আলমগীর হোসেন, জনৈক হাবিব ডলার, রাশেদ ও সুমন বলে জানায়। পুলিশ মাসুম বিল্লাহকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে এএসআই আলমগীরকে গ্রেপ্তার করেন।

উল্লেখ্য, পুলিশ সদস্য আলমগীর যশোর জেলার ঝিকরগাছা থানাধীন কৃত্তিপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। অন্যদিকে মাসুম বিল্লাহর বাড়ি ঢাকার দোহার থানাধীন উত্তর শিমুলিয়া গ্রামে।