জবি’র ক্যাম্পাস কেরানীগঞ্জে সরিয়ে নেওয়ার জন্য জমি নির্ধারণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাস দ্রুত কেরানীগঞ্জে সরিয়ে নেওয়ার জন্য জমি নির্ধারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই সঙ্গে জমি নির্ধারণ করে প্রধানমন্ত্রীকে অবহিত করার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

পরে একনেক কনফারেন্স রুমে অনুষ্ঠিত ‘একনেক বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে’ পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়টি দ্রুত কেরানীগঞ্জে নিতে যে পরিমাণ ব্যয় হবে, তা বহনে সরকারের আগ্রহ রয়েছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে দ্রুত সুনির্দিষ্ট পরিকল্পনা জমা দিতে বলেছেন।’

প্রসঙ্গত, এর আগে গত বছরের সেপ্টেম্বরে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে জবি ক্যাম্পাস কেরানীগঞ্জে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিপরিষদের ওই বৈঠকের পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছিলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য কেরানীগঞ্জে ইতিমধ্যে ২৫ বিঘা জমি কেনা হয়েছে। প্রয়োজনে আরো জমি অধিগ্রহণ করা হবে। তবে কাজ শেষ না হওয়া পর্যন্ত বর্তমান ক্যাম্পাসেই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলবে।’