জলবায়ু পরিবর্তন ইস্যুতে অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : জলবায়ু পরিবর্তন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

বাস্তিল ডে উৎযাপনের আগে বৃহস্পতিবার প্যারিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ ইঙ্গিত দিয়েছেন।

দুই দিনের সফরে ফ্রান্সে রয়েছেন ট্রাম্প। শুক্রবার বাস্তিল ডে উৎযাপনের আগে ফরাসি ও মার্কিন প্রেসিডেন্ট বৈঠক করেন এবং পরে তারা যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘প্যারিস জলবায়ু চুক্তির প্রেক্ষাপটে কিছু একটা পরিবর্তন আসতে পারে। দেখা যাক, কী ঘটে।’

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেন, জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তকে তিনি ‘সম্মান’ করেন।

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তকে আমি সম্মান করি। এর ফলে তিনি তার নির্বাচনী প্রচারণার সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় চিন্তা ও কাজে নেতৃত্ব দিতে পারবেন। তবে আমি প্যারিস চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ আছি।’

গত মাসে ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার ঘোষণা দেন। তিনি ওই সময় জানান, মার্কিন ব্যবসা-বাণিজ্যকে ক্ষতি করবে না এমন নতুন চুক্তির বিষয়ে আলোচনা করতে তিনি আগ্রহী।