জাতিসংঘের যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা যুদ্ধের শামিল

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সর্বশেষ যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাকে ‘যুদ্ধের শামিল’ বলে বর্ণনা করেছে দেশটি। যারা এ পদক্ষেপে সমর্থন দিয়েছে তাদের শাস্তি পেতে হবে বলেও হুমকি দিয়েছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে সে দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ’র প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। পিয়ংইয়ংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরো বলা হয়েছে, নতুন করে আরোপিত নিষেধাজ্ঞা সার্বিক অর্থনৈতিক অবরোধের সমতুল্য।

রোববার বিবিসি জানিয়েছে, বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জাতিসংঘের আরোপিত সর্বশেষ এই নিষেধাজ্ঞা উত্তর কোরিয়ার ‘সার্বভৌমত্বের সহিংস লঙ্ঘন ও যুদ্ধের শামিল। এটি কোরীয় উপদ্বীপসহ বিস্তৃত একটি অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা ধ্বংস করেছে’।

প্রসঙ্গত, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে নিরাপত্তা পরিষদ সে দেশের ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞা প্রস্তাবে উত্তর কোরিয়ার পরিশোধিত পেট্রলিয়াম পণ্য ও অপরিশোধিত খনিজ তেল আমদানি ৯০ শতাংশ হ্রাস করার কথা বলা হয়েছে।

যুক্তরাষ্ট্র শুক্রবার জাতিসংঘে ওই নিষেধাজ্ঞা প্রস্তাব উত্থাপনের পর তা ১৫-০ ভোটে পাস হয়। এছাড়া এর আগে থেকেই দেশটির ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ।

সর্বশেষ নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায়, পাল্টা এই বক্তব্য দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরো বলা হয়েছে, ‘রাষ্ট্রের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণ করার লক্ষ্যে কাজ করার কারণে পুরোপুরি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। তারা ক্রমাগত আমাদের দেশের ওপর চাপ সৃষ্টি করতে সর্বকালের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নিয়েছে।’

পররাষ্ট্র মন্ত্রণালয় আরো মন্তব্য করেছে, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক হুমকি, ব্ল্যাকমেইলিং ও শত্রুতামূলক পদক্ষেপের মূলোৎপাটনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের শক্তির সঙ্গে সমতা প্রতিষ্ঠা করতে আমরা আমাদের আত্মরক্ষামূলক পারমাণবিক প্রতিরোধ আরো দৃঢ় করবো। উত্তর কোরিয়ার প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করাই যুক্তরাষ্ট্রকে হতোদ্যম করার একমাত্র পথ।’