আন্তর্জাতিক ডেস্ক : জাপানের দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে।
জাপানি কর্মকর্তারা জানিয়েছেন, এ বন্যায় নিখোঁজ ১৫ জনের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে জরুরি উদ্ধারকর্মীরা।
বিবিসি অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
জাপানের সর্বদক্ষিণের দ্বীপ কায়সুতে ১২ ঘণ্টায় ৫০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ায় নদীর দুধার উপচে লোকালয় প্লাবিত হয়েছে। বানের তোড়ে ঘরবাড়ি ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। নদী ভাঙনে কিছু ঘরবাড়ি নদীগর্ভে বিলিন হয়ে গেছে।
বন্যায় আটকে পড়া লোকজনকে সরিয়ে নিতে কাজ করছে উদ্ধারকর্মীরা। এরইমধ্যে কয়েক শত মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জাপানের ফুকুওকা প্রিফেকচার (প্রশাসনিক অঞ্চল)। জাপানের মন্ত্রিপরিষদের মুখ্য সচিব ইউশিহাইদে সুগা জানিয়েছেন, এই এলাকায় শনিবার আরো বৃষ্টিপাত হতে পারে।
পুলিশ, সেনাবাহিনী, অগ্নিনির্বাপণ বিভাগ ও উপকূলরক্ষা বাহিনীর ১২ হাজার সদস্য ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারাভিযানে অংশ নিয়েছে।


