জোড়া খুনের মামলা : রনির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় সরকার দলীয় সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির বিরুদ্ধে আরও তিন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছে আদালত। এরা হলেন- কামাল মাহমুদ, জাহাঙ্গীর আলম ও কামাল ওরফে টাইগার।

সোমবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত ঢাকা মহানগর দায়রা জজ মোসা. শামসুন্নাহার এদের সাক্ষ্যগ্রহণ করেন। সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক পরবর্তী সাক্ষ্যের তারিখ আগামী ৬ জুলাই ধার্য করেছেন।

এ নিয়ে মামলাটিতে এখন পর্যন্ত ১৮ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। সাক্ষ্যগ্রহণকালে বখতিয়ার আলম রনিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

গত বছর ৬ মার্চ মামলাটিতে এ আসামির অব্যাহতির আবেদন নাকচ করে আদালত অভিযোগ গঠন করেন।

মামলাটিতে ২০১৫ সালের ২১ জুলাই ডিবি পুলিশের এসআই দীপক কুমার দাস রনির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে তাতে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

ওই ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে ১৫ এপ্রিল রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ওই বছরের ৩০ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে বখতিয়ার আলম রনিকে আটক করে ডিবি পুলিশ। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।