তারেক মাসুদের পরিবারকে ৪ কোটি ৬১ লাখ ক্ষতিপূরণ দিতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার তারেক মাসুদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ৪ কোটি ৬১ লাখ ৭৫ হাজার ৪৫২ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিকেলে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আগামী তিন মাসের মধ্যে বাসচালক ৩০ লাখ, বাসমালিক ৪ কোটি ৩০ লাখ ৯৫ হাজার ৪৫২ এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স ৮০ হাজার টাকা দেবে।

আদালতে আবেদনকারী তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ড. কামাল হোসেন, তার মেয়ে ব্যারিস্টার সারাহ হোসেন ও রমজান আলী সিকদার।

বাসমালিকের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুস সোবহান তরফদার। রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এহসান এ সিদ্দিক ও ইমরান এ সিদ্দিক, অ্যাডভোকেট শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইশরাত জাহান।

রায়ের পরে ব্যারিস্টার সারাহ হোসেন বলেন, আমাদের দীর্ঘ পাঁচ বছর লড়াইয়ের আজকে সমাপ্তি টানা হলো। ক্ষতিপূরণ দাবি করে পাঁচ বছর আগে তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ, ছেলে নিশাদ মাসুদ, তারেক মাসুদের মা নুরুন্নাহার বেগম মামলা করেছিল। আজকে মহামান্য হাইকোর্ট থেকে এ রায় পেয়েছি। রায়ে মর্মান্তিক এ মৃত্যুর জন্য যারা দায়ী তাদেরকে ৪ কোটি ৬১ লাখ ৭৫ হাজার ৪৫২ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। এর মাধ্যে গাড়িরচালককে ৩০ লাখ, ইন্স্যুরেন্স কোম্পানিকে ৮০ হাজার টাকা বাকি টাকা গাড়ির মালিককে দিতে হবে।

তিনি বলেন, এই ক্ষতিপূরণের টাকা আমরা কয়েকটি খাতে দাবি করেছিলাম। এক. তারেক মাসুদ তিনি সংসারের মূল উপার্জনকারী ছিলেন, দুই. পরিবার ও সন্তানরা তার স্নেহ-ভালবাসা হারিয়েছে তার মূল্য, তিন. ক্যাথরিন মাসুদ নিজে যে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তার ক্ষতিপূরণ এবং ওই দুর্ঘটনায় যে গাড়ি নষ্ট হয়ে তারও ক্ষতিপূরণ চাওয়া হয়েছিল। তারই আলোকে আদালত আজ এ রায় দিয়েছেন।

তিনি আরো বলেন, আদালত তার পর্যবেক্ষণে বলেছেন, ক্ষতিপূরণের দাবি সকলের জন্য থাকা উচিত। এর মাধ্যমে অন্যরাও ট্রাইবুনালের মাধ্যমে ক্ষতিপূরণ দাবি করতে পারবেন। আদালত এও বলেছেন, স্নেহ-ভালবাসা থেকে কেউ যদি বঞ্চিত হয়, তাহলে সবার জন্য একই মাপকাঠিতে ক্ষতিপূরণ দাবি করার অধিকার থাকবে।

মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ২০১১ সালের ১৩ আগস্ট সড়ক দুর্ঘটনায় মারা যান তারেক মাসুদ, মিশুক মুনীরসহ ৫ জন। এ ঘটনায় পুলিশ একটি মামলা করে। এছাড়া ঘটনার দেড় বছর পর ২০১৩ সালের ১৩ ফেব্রুয়ারি নিহতদের পরিবারের সদস্যরা বাসমালিক, চালক ও ইনস্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে দুটি মামলা করেন। মামলায় বাসচালক, বাসমালিক ও রিলায়েন্স ইনস্যুরেন্স কোম্পানিসহ ৫ জনকে বিবাদী করা হয়।

মামলায় তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ প্রথমে ৭ কোটি ৭৬ লাখ ২৫ হাজার ৪৫২ টাকা ক্ষতিপূরণ দাবি করেন। পরে ক্ষতিপূরণের পরিমাণ বাড়িয়ে প্রায় ১০ কোটি টাকা করা হয়। পরে মামলা দুটি জনস্বার্থে হাইকোর্টে বদলির নির্দেশনা চেয়ে তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ এবং মিশুক মুনীরের স্ত্রী কানিজ এফ কাজী ও ছেলে সুহৃদ মুনীর ২০১৩ সালের ১ অক্টোবর পৃথক দুটি আবেদন করেন। হাইকোর্ট ২০১৪ সালের ২৯ অক্টোবর এ আবেদন মঞ্জুর করেন। এরপর মামলা দুটি মানিকগঞ্জ আদালত থেকে হাইকোর্টে বদলি করা হয়।