ক্রীড়া প্রতিবেদক : আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ সংখ্যায় সাকিব আল হাসানের রান। তিন সংস্করণ মিলিয়ে সাকিবের রান ১০ হাজার ১। দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এমন কীর্তি গড়েছেন সাকিব। তার উপরে রয়েছেন তামিম ইকবাল। বাঁহাতি ওপেনারের রান ১১ হাজার ২২।
শ্রীলঙ্কার বিপক্ষে আজ ৬৭ রানের ইনিংস খেলার পথে সাকিব ১০ হাজার রানের মাইলফলক অতিক্রম করেন। রেকর্ড নিয়ে ঘাঁটাঘাটি না করায় সাকিব নিজেও জানতেন না তিনি ১০ হাজার রান পূর্ণ করেছেন। তাই সংবাদ সম্মেলনে এসে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে অনেকটাই বিস্মিত ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
‘১০ হাজার রান…তাই নাকি, আলহামদুল্লিাহ! এমন একটা ল্যান্ডমার্ক ছুঁতে পারলে অবশ্যই ভালো লাগে। চেষ্টা থাকবে আরও যতবেশি করতে পারি। সব সময় হয় না। আবার সব সময় হবেও না, সেটাও নয়। এখন ভালো হচ্ছে। চেষ্টা থাকবে আরও কত দ্রুত মাইলফলকগুলো ছোঁয়া যায়।’
শ্রীলঙ্কায় গত বছরের মার্চে বাংলাদেশের শততম টেস্টের দ্বিতীয় ইনিংসে তামিম ইকবাল যখন ৮২ রানে আউট হন তখন আন্তর্জাতিক ক্রিকেটে তার রান ৯৯৯৯। মাত্র ১ রানের জন্য শততম টেস্টের বড় মঞ্চে ১০ হাজার রান পূর্ণ হয়নি দেশসেরা ওপেনারের। পরবর্তীতে রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে তামিম সেঞ্চুরি করে দশ হাজার রান পূর্ণ করেন।

দুই বন্ধু ‘তামিম-সাকিব’-এর মধ্যে নেই বড় কোনো প্রতিযোগীতা। তামিম এগিয়ে থাকায় মোটেও বিচলিত নন সাকিব। বলেছেন,‘ভালোভাবেই উত্তরটা দেই। স্বাভাবিকভাবে একজন ওপেনার যেমন রান করতে পারে, নাম্বার ৫-৬ সেটা করতে পারবে না।’
তবে দলের সবার মধ্যে প্রতিযোগীতা থাকা ভালো বলে মন্তব্য করেছেন সাকিব। তার ভাষ্য,‘স্বাস্থ্যকর প্রতিযোগিতা থাকা আমার কাছে মনে হয় খুব জরুরি। সবারতো সবার প্রতি অবশ্যই একটা প্রত্যাশা থাকে। নিজের সঙ্গে নিজের একটা চ্যালেঞ্জ থাকে। এমন প্রতিযোগিতা দলের জন্য অনেক ভালো।’

‘আমরা হয়ত তিন চারজন আছি খুব কাছাকাছি রানের দিক থেকে। প্রতি ম্যাচেই আমাদের চিন্তা থাকে কার থেকে কে বেশি রান করবে। যে যত বেশি করবে, তার চেয়ে বেশি করতে পারাটা আলাদা একটা স্বস্তির ব্যাপার। আমরা যারা আছি, এটা খুব ভালোভাবে অনুভব করি। আমার কাছে মনে হয় আমাদের তিনজনের এই প্রতিযোগিতাটা খুব ভালো। এইটা যত বেশিদিন চলতে থাকবে, আমাদের দল তত ভালো খেলতে থাকবে।’
মোট কথা সাকিব নিজেদের মধ্যে প্রতিযোগীতা চান পারফরম্যান্সের উন্নতির জন্য। প্রতিযোগিতা এবার বাড়বেও বেশ। কারণ সীমিত পরিসরে তিনে ব্যাটিং করবেন সাকিব। তামিমের থেকে ১০২১ রান পিছিয়ে সাকিব। আর তাদের পরই আছেন মুশফিকুর রহিম (৮৯০৯), মোহাম্মদ আশরাফুল (৬৬৫৫) ও মাহমুদউল্লাহ রিয়াদ (৬০১০)।


