নিখোঁজের চার মাস পর কল্যাণ পার্টির মহাসচিব ফের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : রোববার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী তার রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড শেষে আমিনুর রহমানকে আদালতে হাজির করে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলার ঘটনায় করা মামলায় ফের তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী আব্দুর রউফ রিমান্ড বাতিল চেয়ে জামিনের শুনানি করেন।

নিখোঁজের চার মাস পর রাজধানীর শাহজাদপুর এলাকা থেকে গ্রেপ্তার হওয়া বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানের ফের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

গত ২৩ ডিসেম্বর চার দিন এবং ২৮ ডিসেম্বর আমিনুর রহমানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে গত ২২ ডিসেম্বর শাহজাদপুর এলাকা থেকে আমিনুর রহমানকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

প্রসঙ্গত, এ বছরের ২৭ আগস্ট নিখোঁজ হন ২০ দলীয় ঐক্যজোটের শরিক দল কল্যাণ পার্টির মহাসচিব। ওই দিন রাজধানীর নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজারের নিজ বাড়ির উদ্দেশে রওনা হয়ে ‘নিখোঁজ’ হন তিনি। এর পর থেকে তার কোনো খবর পাওয়া যায়নি। তার ব্যক্তিগত মোবাইল ফোনও বন্ধ ছিল। এ ঘটনায় পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে আমিনুর রহমানের পরিবার।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা পরিষদের নেতা-কর্মীরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় ঘেরাওয়ের জন্য গুলশানে সমবেত হন। সেখানে সমাবেশ শেষে ২০ থেকে ৩০ হাজার সাধারণ মানুষ নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও করার উদ্দেশ্যে রওনা হলে সেখানে বোমা নিক্ষেপ করা হয়।

ওই ঘটনায় ঢাকা যানবাহন ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি নেতা খন্দকার মাহবুবুর রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেন।