নিখোঁজের ২ মাস ১০ দিন পর সন্ধান মিলেছে সাংবাদিক উৎপলের

নিজস্ব প্রতিবেদক,নারায়ণগঞ্জ : নিখোঁজের ২ মাস ১০ দিন পর সন্ধান মিলেছে সাংবাদিক উৎপল দাসের।

মঙ্গলবার রাত ১২টার দিকে নারায়ণগঞ্জের ভুলতার আদুরিয়া এলাকায় শাহাজালাল ফিলিং স্টেশনের সামনে একটি কালো মাইক্রোবাসে কে বা কারা তাকে রেখে যায়।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শহীদুল আলম জানিয়েছেন, ভুলতা আদুরিয়া এলাকায় শাহাজালাল ফিলিং স্টেশনের সামনে থেকে সাংবাদিক উৎপল দাসকে উদ্ধার করা হয়েছে। তিনি সুস্থ আছেন। রাতেই তার পরিবার এসে তাকে নরসিংদীর নিজ বাড়িতে নিয়ে গেছে। নিখোঁজের বিষয়ে উৎপল দাস এখনো তেমন কিছু জানাননি। গত ১০ অক্টোবর নিখোঁজ হন অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিমবিডি ডটনিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক উৎপল দাস।

এ ঘটনায় ২২ অক্টোবর ওই সংবাদমাধ্যমের পক্ষ থেকে মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। গত ২৩ অক্টোবর উৎপল দাসের বাবা চিত্ত রঞ্জন দাস মতিঝিল থানায় একটি জিডি করেন।