ক্রীড়া প্রতিবেদক : রঙিন পোশাকে এ বছর খুব খারাপ গেছে লঙ্কানদের। ওয়ানডে ইতিহাসে প্রথম দল হিসেবে এক বছরে তিনটি দ্বিপক্ষীয় সিরিজে ৫-০ ব্যবধানে হোয়াইওয়াশ হয়েছে শ্রীলঙ্কা। এ বছরের শুরুতে তারা দক্ষিণ আফ্রিকায় ৫-০ ও আগস্ট-সেপ্টেম্বরে দেশের মাটিতে ভারতের কাছে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল। সবশেষ পাকিস্তানের বিপক্ষে হেরেছে ৫-০ ব্যবধানে। এ ছাড়া ভারতের বিপক্ষে সবশেষ ১১ ম্যাচের ১০টিতেই হার তাদের। দুটিতেই ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ। একটি ম্যাচ শ্রীলঙ্কা জিতেছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
২০০৯ সালের পর ভারতের মাটিতে তাদেরকে কোনো ওয়ানডেতে হারাতে পারেনি শ্রীলঙ্কা। এ ছাড়া ২০১১ বিশ্বকাপের পর ভারতের মাটিতে ওয়ানডেতে কোনো জয় নেই লঙ্কানদের। রঙিন পোশাকে নতুন অধিনায়ক থিসারা পেরেরার হাত ধরে কি রেকর্ড পরিবর্তন করতে পারবে অ্যাঞ্জেলো ম্যাথুস, আশেলা গুনারত্নেরা? প্রশ্নের উত্তর জানা যাবে রোববার রাতেই।
শ্রীলঙ্কার নতুন ওয়ানডে অধিনায়ক থিসারা পেরেরার বিশ্বাস, ‘আমাদের বেশ কয়েকজন খেলোয়াড় ইনজুরি কাটিয়ে ফিরে এসেছে। দলটা এখন ব্যালেন্সড। এ মুহূর্তে আমি জয়ের আশা করতে পারি। আশা করছি ম্যাথুস ও গুনারত্নে ভালো কিছু করবে। এবং আমরা সবাই মিলে ভালো কিছু করতে পারব।’
এবারই ভারতের মাটিতে রেকর্ড ভালো করার সর্বোচ্চ সুযোগ শ্রীলঙ্কার জন্য। কারণ প্রতিপক্ষ দলে নেই বিরাট কোহলি। রোহিত শর্মার নেতৃত্বে রোববার ধর্মশালায় মাঠে নামবে টিম ইন্ডিয়া। টানা খেলার কারণে নিজ থেকে ওয়ানডে সিরিজে বিশ্রাম চেয়েছেন কোহলি। শোনা যাচ্ছে, এ বিশ্রাম নেওয়ার ফাঁকেই কোহলি দীর্ঘদিনের বান্ধবী আনুশকা শর্মার সঙ্গে আংটি বদল করতে পারেন। সতীর্থরা বিরাটকে ওয়ানডে সিরিজ উপহার দিতে পারেন কি না, সেটাই দেখার বিষয়।
কোহলি না থাকলেও শ্রীলঙ্কার ভয় রোহিত শর্মাকে নিয়ে। শেষবার যেবার ভারতে ওয়ানডে সিরিজ খেলেছিল শ্রীলঙ্কা, সেবার রোহিত শর্মা ২৬৪ রানের ইনিংস খেলেছিলেন ইডেন গার্ডেনে। কোহলির ডেপুটি রোহিতকে নিয়েও তাই ভাবতে হবে লঙ্কানদের। ওপেনিং রোহিতের সঙ্গী শেখর ধাওয়ান। কোহলির জায়গায় খেলবেন অজিঙ্কা রাহানে।
ভারতের বিপক্ষে সিরিজ তিন ম্যাচে। ১৭ ডিসেম্বর শেষ ম্যাচ। ভারতের মাটিতে ভাগ্য পরিবর্তন হয় কি না, সেটাই দেখার। ধর্মশালায় দুই দলের প্রথম ওয়ানডে আগামীকাল শুরু হবে দুপুর ১২টায়।


