বরফের বুকে টি-টোয়েন্টি ক্রিকেট

ক্রীড়া ডেস্ক : সুইজারল্যান্ডের শুভ্র বরফের বুকে আইস হকি হয়েছে অনেক। এবার সেখানে ক্রিকেটও হতে যাচ্ছে। ফেব্রুয়ারি মাসের ৮-৯ তারিখ সেখানে হবে আইস টি-টোয়েন্টি ক্রিকেট। যেখানে খেলবে বিশ্বসেরা প্রাক্তন তারকারা। সেই তালিকায় আছেন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ, জ্যাক ক্যালিস, ভারতের বীরেন্দর শেবাগ, মোহাম্মদ কাইফ, পাকিস্তানের শহীদ আফ্রিদি, শোয়েব আখতার, অস্ট্রেলিয়ার মাইক হাসি, শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে ও লাসিথ মালিঙ্গা, নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরি, নাথান ম্যাককালাম ও গ্র্যান্ট এলিয়ট এবং ইংল্যান্ডের মন্টি পানেসার ও ওয়াইজ শাহ এর মতো তারকারা।

টুর্নামেন্টের বিষয়ে দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ বলেন, ‘আমি খুবই আনন্দিত এমন একটি ক্রিকেটের অংশ হতে পেরে। আমি এই ইভেন্টের সর্বাঙ্গিন সাফল্য কামনা করছি। এই ইভেন্টে বিশ্ব ক্রিকেটের প্রাক্তন তারকারা অংশ নিবেন। যাদের বিপক্ষে এক সময় আমি আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি। তাদের সঙ্গে আবার ভালো কিছু সময় কাটানোর সুযোগটা আমার জন্য দারুণ কিছু। তাদের সঙ্গে আবার ক্রিকেট খেলতে পারব বিষয়টা ভাবতেই ভালো লাগছে।’

এই ইভেন্টের আয়োজক ভিজে স্পোর্টস। তারা দাবি করেছে যে আইস টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য তারা আইসিসির কাছ থেকে অনুমোদন নিয়েছে।

সুইজারল্যান্ডের যেখানে খেলা হবে সেখানকার তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস। সেখানকার বরফের উপর ম্যাট (মাদুর) পিছিয়ে তৈরি করা হবে পিচ। সেই পিচেই হবে টি-টোয়েন্টি ক্রিকেট।