নিজস্ব প্রতিবেদক : রোববার বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে শুনানিতে ছিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার সানজীদ সিদ্দিকী।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল পুনর্গণনা চেয়ে বিএনপির পরাজিত মেয়র প্রার্থী কাওসার জামান বাবলার আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
পরে ব্যারিস্টার সানজীদ সিদ্দিকী বলেন, আদালত বিএনপি প্রার্থীর আবেদন ৩০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে নিষ্পত্তি করতে বলেছেন।
গত ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জাতীয় পার্টির রংপুর মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা লাঙল প্রতীকে ১ লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন।
এছাড়া আওয়ামী লীগ নেতা প্রাক্তন মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু নৌকা প্রতীকে ৬২ হাজার ৪০০ ভোট পেয়ে দ্বিতীয় এবং বিএনপি মহানগর সহ-সভাপতি কাওসার জামান বাবলা ধানের শীষ প্রতীকে ৩৫ হাজার ১৩৬ ভোট পেয়ে তৃতীয় হন।
বাবলার পক্ষে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন উপস্থিত ছিলেন। তিনি বলেন, ভোটে বিভিন্ন অনিয়ম, কারচুপি, এজেন্টদের বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগ ভোট পুনর্গণনা চেয়ে গত ২৪ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেন কাওসার জামান বাবলা। কিন্তু কোনো জবাব না পেয়ে ২৭ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশন বরাবর আবেদন করেন তিনি। সেখানেও কোনো জবাব না পেয়ে হাইকোর্টে রিট করেন তিনি।


