কুষ্টিয়া : বিএনপি রোহিঙ্গা সমস্যাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেন, রোহিঙ্গাদের কক্সবাজারে রাখা নিরাপদ না হলে অন্যত্র সরিয়ে নেওয়া সরকারের সার্বভৌম সিদ্ধান্ত। সুতরাং এই সিদ্ধান্তকে যারা আত্মঘাতী বলছেন, তারা রোহিঙ্গা সমস্যাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন।
তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে যারা রাজনীতি করছেন, তারা দেশের ক্ষতি করছেন এবং রোহিঙ্গা সমস্যা সমাধানের পথে বাধা সৃষ্টি করছেন।
আজ শনিবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে ‘ভাসান চর হবে আত্মঘাতী’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের এমন মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, রোহিঙ্গাদের উদ্বাস্তু হিসেবে বাংলাদেশে রাখা হয়েছে। তাদের উদ্বাস্তু পরিচয়ের কারণ পরিবর্তন হচ্ছে না। সুতরাং রোহিঙ্গারা ভাসানচরে যাক বা অন্য জেলায় পুর্নবাসনে যাক সেটার জন্য প্রত্যাবর্তনের চেষ্টা দুর্বল হয়নি। এক্ষেত্রে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টা অব্যাহত আছে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) জেলা সভাপতি আলহাজ গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলের ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।


