নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে তীব্র শীত উপেক্ষা করে ময়দানে আসতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসুল্লিরা। আসছেন বিদেশি মুসল্লিরাও। বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে পুলিশ ও র্যাব প্রশাসন।
আগামীকাল শুক্রবার থেকে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হচ্ছে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ঢাকাসহ ১৪ জেলার মুসুল্লিরা অংশ নিচ্ছেন। মুসল্লিদের জন্য ইজতেমা ময়দানকে জেলা ওয়ারী ২৮টি খিত্তায় (ভাগে) ভাগ করা হয়েছে। প্রথমপর্বে মুসল্লিরা খিত্তাওয়ারী যেভাবে অবস্থান নেবেন, তা হলো- ১নং থেকে ৮নং, ১৬, ১৮, ২০ ও ২১নং খিত্তায় ঢাকা জেলা, ৯নং খিত্তায় পঞ্চগড়, ১০নং খিত্তায় নীলফামারী, ১১নং খিত্তায় শেরপুর, ১২ ও ১৯নং খিত্তায় নারায়ণগঞ্জ, ১৩নং খিত্তায় গাইবান্ধা, ১৪নং খিত্তায় নাটোর, ১৫নং খিত্তায় মাদারীপুর, ১৭নং খিত্তায় নড়াইল, ২২ ও ২৩নং খিত্তায় লক্ষ্মীপুর, ২৪নং খিত্তায় ঝালকাঠি, ২৫ ও ২৬নং খিত্তায় ভোলা, ২৭নং খিত্তায় মাগুরা এবং ২৮নং খিত্তায় পটুয়াখালী জেলা।
বৃহস্পতিবার সকাল থেকে দেশের বিভিন্নস্থানের তাবলিগ জামাতের মুসল্লিরা কনকনে শীত উপেক্ষা করে ইজতেমা ময়দানে আসছেন। কেউ বাসে, কেউ ট্রাকে, কেউ রিকশায়, লঞ্চে চড়ে ইজতেমাস্থলে আসছেন। পরে গাড়ি থেকে নেমে নিজের মালপত্র নিয়ে জেলাভিত্তিক খিত্তায় গিয়ে অবস্থান নিচ্ছেন।
দুপুরে কথা হয় মাদারীপুরের কালকিনি থানার কালাসরদারচর এলাকার বাসিন্দা আব্দুল সোবাহানের সঙ্গে। তিনি জানান, তারা এলাকা থেকে পাঁচজনের একটি জামাত এসেছেন। তাদের এলাকার অপর জামাতের সাথীরা আগেই ইজতেমা মাঠে পৌঁছেছেন। তিনি বলেন, ‘‘আল্লাহকে রাজি খুশি, নবীর দেখানো পথে এবং দীনের কাজ করতে এখানে এসেছি।’’
সকালে ইজতেমা মাঠের উত্তরপাশে নিউ মন্নু ফাইন কটন মিলে স্থাপিত র্যাবের কন্ট্রোল রুমের সামনে র্যাব এবং শহীদ আহসান উল্যাহ মাস্টার স্টেডিয়ামে পুলিশের পৃথক ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ব্রিফিংয়ে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক লে. কর্নেল আনোয়ার খান জানান, ইজতেমার কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এ জন্য অন্যান্য আইনশৃংখলা বাহিনী এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে র্যাবও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সম্ভব্য সকল ঝুঁকির পর্যালোচনা করে তারা নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছেন। ইজতেমায় স্থল, জল এবং আকাশপথে ত্রিমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। সাদা পোশাকেও র্যাব সদস্যরা কাজ করবে।
তিনি জানান, নিরাপত্তার পাশাপাশি মুসল্লিদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য মেডিক্যাল সেন্টার খোলা হয়েছে। এতে সার্বক্ষণিক চিকিৎসক এবং পর্যাপ্ত ওষুধ থাকবে।
শহীদ আহসান উল্যাহ মাস্টার স্টেডিয়ামে পুলিশের ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত আইজিপি মঈনুর রেজা চৌধুরী। বক্তব্য রাখেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবুল কালাম সিদ্দিক, গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল শেখ।
পুলিশ সুপার হারুন অর রশীদ সাংবাদিকদের জানান, বিশ্ব ইজতেমার কার্যক্রম মূলত আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হয়েছে। সাত হাজার পুলিশ সদস্য কাজ করছে। ইজতেমা মাঠের ভিতরে খিত্তায় খিত্তায়, বিদেশি মেহমানদের নিবাসে পর্যাপ্ত সংখ্যক পুলিশ রয়েছে। ইজতেমা মাঠের চারিপাশে, তুরাগ নদীতে পুলিশ মোতায়েন রয়েছে। মুসল্লিরা নির্বিঘ্নে যাতে আসতে পারেন, এর জন্য ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হয়েছে। ফুটপাতে হকার, ভিক্ষুক বসতে দেওয়া হচ্ছে না।
শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথমপর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে ১৪ জানুয়ারি।
এবারও বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয়পর্ব শুরু হবে ১৯ জানুয়ারি। ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয়পর্ব তথা এবারের বিশ্ব ইজতেমা।


