মাত্র ৪৬৩ টাকা চুরির মামলা; ২৯ বছর ধরে চলছে

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র ৪৬৩ টাকা চুরির মামলা। ২৯ বছর ধরে চলছে। অবশেষে রায় হলো। সাজা হলো। দুজনের পাঁচ বছর করে। অভিযুক্ত আরেকজন বেঁচে নেই। কারাবাসে মারা যান ২০০৪ সালে।

২১ অক্টোবর, ১৯৮৮ সাল। সেদিন ভারতের শাহজানপুর থেকে ট্রেনে পাঞ্জাবে যাচ্ছিলেন ওয়াজিদ হুসাইন। তখন তিনি যুবক। চাকরির খোঁজে যাচ্ছিলেন। ট্রেনে কথা হয় তিন যুবকের সঙ্গে। চন্দ্রপাল, কানাই লাল আর সর্বেশ। তারা বন্ধু। তাদের অনুরোধে চা পান করেন ওয়াজিদ। কিন্তু তাতে ছিল ঘুমের ওষুধ মেশানো। চা পানে অচেতন হন ওয়াজিদ। তার পকেটে ছিল ৪৬৩ টাকা। টাকা নিয়ে লাপাত্তা হন তিন বন্ধু।

চুরির অভিযোগে মামলা হয় চন্দ্রপাল, কানাই ও সর্বেশের নামে। মামলার বাদী ছিলেন ওয়াজিদ। ভারতীয় দণ্ডবিধির তিনটি ধারায় মামলা হয়। ৩৭৯ (চুরি), ৩২৮ (বিষ প্রয়োগে আহত) ও ৪১১ (চুরির সম্পদ আত্মসাৎ)।

সেই ২৯ বছর আগের কথা। গ্রেপ্তার হন চন্দ্রপাল, কানাই ও সর্বেশ। বিচার চলতে থাকে। দিন আসে, দিন যায়। কারাগারে কাটতে থাকে জীবনের মূল্যবান সময়। ৪৬৩ টাকার জন্য, মাত্র এই কয়েকটা টাকার জন্য। ১৬ বছর জেল খেটে মারা যান চন্দ্রপাল। কানাই ও সর্বেশ সাজা খাটছেন তো খাটছেন। ২০১২ সালে শেষবার আদালতে আসেন ওয়াজিদ। আসামিদের শনাক্ত করেন। আর কখনো আসতে হয়নি তাকে। কিন্তু কারাগারে বসে মুক্তির দিন গুনতে হয়েছে কানাই ও সর্বেশকে।

কানাই আর সর্বেশ এখন ষাটোর্ধ্ব। উত্তর প্রদেশের হারদোই গ্রামে তাদের বাড়ি। সেখানে আছে স্ত্রী-সন্তানরা। তারা বড় হয়েছে। বাবার মুক্তির পথ চেয়ে কেটেছে তাদের শৈশব, কৈশর, তারুণ্য। অবশেষে রায় হলো মামলার।

মঙ্গলবার। প্রতীক্ষার অবসান হলো। ব্যারেলির এক আদালত এ মামলার রায় দিলেন। দোষী সাব্যস্ত হলেন কানাই ও সর্বেশ। সাজা হয়েছে পাঁচ বছর করে। জরিমানা হয়েছে ১২ হাজার ৫০০ টাকা করে। পাঁচ বছরের অনেক বেশিই তো তারা কারাগারে থেকেছেন! মাত্র সাড়ে ১২ হাজার টাকা জরিমানা! এই টাকা আয় করতে কতদিন লাগে? এক মাস? এক বছর?

২৯ বছর আগেই যদি এই মামলার এমন সাজা হতো? হতে পারতো তো? ন্যায়ও প্রতিষ্ঠিত হতো, নয় কি? তাহলে জীবনের বাকি সময়টা পেত কানাই ও সর্বেশ। সেই সময় পরিবার, সমাজ ও রাষ্ট্রের কাজে লাগত।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন