নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর মিশনে বাংলাদেশ পুলিশের ১৪০ জন সদস্য হাইতি গেছেন। মঙ্গলবার দিবাগত রাতে পুলিশের দলটি ঢাকা ত্যাগ করে।
বুধবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এআইজি সহেলী ফেরদৌস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলটির নেতৃত্বে আছেন পুলিশ সুপার মির্জা আবদুল্লাহেল বাকী।
বাংলাদেশ পুলিশের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রেখে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জাতিসংঘের ম্যান্ডেট বাস্তবায়নের জন্য পুলিশ শান্তিরক্ষীদের প্রতি আহ্বান জানান পুলিশ কর্মকর্তারা। দারফুর, কঙ্গো, হাইতি ও মালিসহ পৃথিবীর যুদ্ধবিধ্বস্ত ও সংঘাতপূর্ণ বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের এক হাজার আটত্রিশ জন সদস্য পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।


