মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পুটিখালী ইউনিয়নের পূর্ব সোনাখালী গ্রামে শুক্রবার সকালে বিবাদমান জমির ধান কাঁটা নিয়ে সংঘর্ষে ২ জন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে। নিহতরা হল, ইব্রাহিম শেখ (৪৮) ও পলাশ (৩২)। অটো চালক ইব্রাহিম শেখ বলইবুনিয়া ইউনিয়নের পাতাবাড়িয়া গ্রামের তোরাব শেখের পুত্র । একই ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের মো. শাহজাহান হাওলাদারের পুত্র মটর সাইকেল চালক পলাশ। আহত বলইবুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সভাপতি কবির হোসেনের অবস্থা আশঙ্কাজনক। আশঙ্কাজনক অবস্থায় কবির হোসেন ও মজিবর রহমানকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহরা হল, বলইবুনিয়া ইউনিয়নের যুবলীগ নেতা আসাদুজ্জামান শেখ, পাতাবাড়িয়া গ্রামের শেখ জাহিদুল, ও পূর্ব সোনাখালী গ্রামের গিয়াস খান।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব সোনাখালী গ্রামের মৃত. মোজাহারখানের পুত্র রহিম খানের সাথে কবলাকৃত ৩ বিঘা জমি নিয়ে একই গ্রামের প্রতিপক্ষ মৃত.জবেদ আলী খানের পুত্র শহিদুল খান গংদের বিবাদ চলে আসছিল। চলতি বছরে কবির খান এ জমি চাষাবাদ করে। ঘটনাদিন সকাল সাড়ে ৮ টার দিকে এ জমিতে শহিদুল খান ,মজিবর খান,ওহাব খানের নেতৃত্বে ৯/১০ জন পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসস্ত্র সজ্জিত হয়ে বিবাদমান জমির ধান কাঁটতে যায়। এসময় রহিম খানের পুত্র গিয়াস খান তার মামা শ^শুর বলইবুনিয়া ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি কবির হোসেনকে জানায়্ । খবর পেয়ে কবির হোসেন সহ ৪/৫ জন মোটর সাইকেল ও অটোযোগে ঘটনাস্থলে গিয়ে তাদের ধান কাঁটা থেকে নিবৃত করা চেষ্টা করলে প্রতিপক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চলায়। হামলায় মোটর সাইকেল চালক ও অটোচালক ঘটনাস্থলে নিহত হয়। তাদেরকে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষনা করে। এসআই ফারুক হোসেন নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরী করে বাগেরহাট মর্গে প্রেরণ করেন।
পুলিশ সুপার পঙ্কজ কুমার রায় ও থানা অফিসার ইন চার্জ মো. রাশেদুল আলম ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এ ঘটনটার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ শহিদুল খান সহ ৬ জনকে আটক করেছে।


