জ্যেষ্ঠ প্রতিবেদক : যুক্তরাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশিদের জন্য উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশবিষয়ক বাণিজ্যদূত রুশনারা আলীর কাছে অনুরোধ জানিয়েছেন বিরোধী দলের নেতা রওশন এরশাদ।
বৃহস্পতিবার দুপুরে রওশন এরশাদের গুলশানের বাসভবনে সৌজন্য সাক্ষাতে এলে রুশনারা আলীকে এ অনুরোধ জানানো হয়।
রওশন এরশাদ বলেন, পৃথিবীর অন্য দেশগুলোর তুলনায় উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোর কদর অনেক বেশি। বাংলাদেশ থেকে যাতে বেশি সংখ্যক শিক্ষার্থী যুক্তরাজ্যে উচ্চশিক্ষা নিতে পারে এ ব্যাপারে যুক্তরাজ্য সরকার যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
যুক্তরাজ্যকে বাংলাদেশে অবকাঠামো, শিক্ষা, বিদ্যুৎ, জ্বালানি, পর্যটন ও যোগাযোগ খাতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান বিরোধী দলের নেতা। একই সঙ্গে তিনি পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটন শিল্পের উন্নয়নে বিনিয়োগ ও সহায়তা বৃদ্ধির জন্য ব্রিটিশ বাণিজ্যদূতকে অনুরোধ জানান। এতে আগ্রহ প্রকাশ করে বৃটিশ সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন রুশনারা আলী।
বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র অভিহিত করে রুশনারা আলী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক সুদৃঢ় হয়েছে। বেক্সিটের ফলে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বাণিজ্য সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
রুশনারা আলী জানান, বানিজ্যদূত হিসেবে এটি তার প্রথম বাংলাদেশ সফর। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের জন্যই তার বাংলাদেশে আসা।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন- ফখরুল ইমাম এমপি, নূর-ই-হাসনা লিলি চৌধুরী এমপি, রওশন আরা মান্নান এমপি, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেক প্রমুখ।


