যোগাযোগ স্বাভাবিক, ঈশ্বরদীতে লাইনচ্যুত ট্রেনের ইঞ্জিন উদ্ধার

পাবনা প্রতিনিধি : লাইনচ্যুতির সাড়ে ৫ ঘণ্টা পর মেরামত শেষে দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে লাইনচ্যুত চাঁপাইনবাবগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন উদ্ধার করা হয়েছে।

ঈশ্বরদী বাইপাস স্টেশন মাস্টার গাজী গোলাম ফেরদৌস জানান, রোববার সকাল ৭টার দিকে ঈশ্বরদী স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে কমিউটার ট্রেনটি ছেড়ে যায়। ঘন কুয়াশার কারণে চালক সিগন্যাল দেখতে না পাওয়ায় বাইপাস স্টেশনের আপ-লাইন পয়েন্ট অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। ফলে কমিউটার এক্সপ্রেস ট্রেনটিও আটকে পড়ে। এদিকে, ঈশ্বরদী বাইপাস স্টেশনে ট্রেন লাইনচ্যুতির পর রাজশাহী হতে ছেড়ে আসা খুলনা ও গোয়ালন্দ ঘাটগামী আন্ত:নগর মধুমতি এক্সপ্রেস ও সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। ট্রেন চলাচল বন্ধ থাকে রাজশাহী-খুলনা রুটে।

গোলাম ফেরদৌস আরো জানান, দুপুর সাড়ে ১২টার দিকে লাইনচ্যুত ইঞ্জিনটি উঠানোর পর কমিউটার ট্রেনটি গন্তব্যস্থলের উদ্দেশে ছেড়ে যায়। ফলে সাড়ে ৫ ঘণ্টা পর স্বাভাবিক হয় রাজশাহী-খুলনা রুটে ট্রেন যোগাযোগ।