রাজধানীর পূর্ব বাড্ডার একটি বাসায় তিন শ্রমিক দগ্ধ

নিজস্ব প্রতিবেদক : পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে রাজধানীর পূর্ব বাড্ডার একটি বাসায় তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।

এরা হলেন- শ্রী আনন্দ চন্দ্রবর্মন (৪০), সোহরাব হোসেন (৩০), মো. সুলতান (২৫)।

বৃহস্পতিবার দগ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পূর্ব বাড্ডার পোস্ট অফিস গলির একটি বাসায় পানির ট্যাংক পরিষ্কার করতে নামেন তিন শ্রমিক। এ সময় ট্যাংকের ভেতর থাকা লাইটে অসাবধানতাবশত ধাক্কা লাগলে বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গে ট্যাংকের ভেতর আগুন ধরে যায়।

পরে শ্রমিকদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসে। পরে আগুন নিয়ন্ত্রণে এনে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ জলিল বলেন, ‘লাইট গরম হয়ে বিস্ফোরণ হয়। এরপরই ভেতরে সৃষ্ট গ্যাসে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’

আগুনে শ্রমিকদের মুখ, হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।