নিজস্ব প্রতিবেদক : ঊনসত্তরের গণঅভ্যুত্থানে শহীদ মতিউর রহমানের পিতা আজাহার আলী মল্লিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার তিনি এক শোক বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আজাহার আলী মল্লিক গতকাল রাত ৮টায় উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি অসংখ্য আত্মীয়-স্বজন, নাতি-নাতনী, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
বিবৃতিতে শেখ হাসিনা বলেন, মরহুম আজাহার আলী ঊনসত্তরের গণঅভ্যুত্থানের সময় শহীদ মতিউর রহমানের লাশের পাশে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর মুক্তি দাবি করেন। তিনি (আজাহার আলী) মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে আওয়ামী লীগের একজন শুভাকাঙ্খী হয়ে কাজ করে গেছেন। তার মৃত্যুতে আওয়ামী লীগ একজন নিবেদিত প্রাণকে হারালো।
অপর এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজাহার আলী মল্লিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।


