শেষ হলো সিরাজগঞ্জের আঞ্চলিক ইজতেমা

সিরাজগঞ্জ সংবাদদাতা : আজ শনিবার দুপুর ১২টায় হেদায়েতি বয়ান শেষে ইজতেমার মোনাজাত শুরু হয়। মোনাজাতে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা কামনা করা হয়।
আখেরি মোনাজাতে ‘আমিন আমিন’ ধ্বনির মধ্যদিয়ে শেষ হলো সিরাজগঞ্জের আঞ্চলিক ইজতেমা। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রশিদ।

সিরাজগঞ্জ পৌর এলাকার যমুনা নদীর পূর্বপাড়ে চায়না বাঁধে তাবলিগ জামাতের উদ্যোগে এ ইজতেমার আয়োজন করা হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় সহস্রাধিক মুসল্লি মাসাধিককাল স্বেচ্ছাশ্রমের বিনিময়ে ইজতেমাস্থল প্রস্তুত করেন।

১৩ লাখ বর্গফুট জায়গার ওপর গত বৃহস্পতিবার তিনদিনব্যাপী ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। শুক্রবার জুমার নামাজ পড়েই বয়ান শুরু করেন দেশ-বিদেশের খ্যাতনামা আলেম-ওলামাগণ। এ ইজতেমায় এক লাখ মুসল্লির অজু, গোসলখানা, টয়লেট নির্মাণ করা হয়। আগত মুসল্লিদের স্বাস্থ্য সেবা সুরক্ষার জন্য সিরাজগঞ্জ সিভিল সার্জন, পৌরসভা, নর্থবেঙ্গল মেডিকেল কলেজ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সার্বক্ষণিক মেডিকেল টিম কাজ করে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে সুপেয় পানি এবং টয়লেটিং ব্যবস্থা চালু রাখা হয়।

আখেরি মোনাজাতে অংশ নিতে আজ শনিবার সকাল থেকে লাখো মুসল্লি উপস্থিত হয় ইজতেমা মাঠসহ আশপাশ এলাকায়। জেলার নয়টি উপজেলা ছাড়াও আশপাশের জেলাগুলো থেকেও মুসল্লিরা ইজতেমা মাঠে যে যেখানে জায়গা পেয়েছে সেখানে বসেই মোনাজাতে অংশগ্রহণ করে। প্রায় ২০ মিনিটের আখেরি মোনাজাতে অংশ নেন সিরাজগঞ্জ জেলাসহ আশপাশের জেলার মুসল্লিরা।

ইজতেমায় সৌদি আরব, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ভারতের ৪৩ জন তাবলিগের সাথি ও মাওলানারা উপস্থিত থেকে পবিত্র কোরআন ও বিশ্বনবীর সুন্নাতের কথা আলোচনা করেন।

সিরাজগঞ্জে দ্বিতীয়বারের মতো জেলাভিত্তিক ইজতেমা অনুষ্ঠিত হয়। পুরো ইজতেমা মাঠ সিসি ক্যামেরার আওতায় আনা হয় বলে জানান সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ মিরাজ উদ্দিন আহমেদ।