নিজস্ব প্রতিবেদক : অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের বিরুদ্ধে রিভিউ আবেদনে পর্যবেক্ষণসহ আমরা পুরো বায় বাতিল চেয়েছি।
রোববার রিভিউ আবেদন দাখিলের পর সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, গত ৩ জুলাই আপিল বিভাগ যে ষোড়শ সংশোধনী বাতিল চেয়ে আমাদের আবেদন খারিজ করে দিয়েছে, আমরা সেই খারিজাদেশ পুনর্বিবেচনা চেয়েছি। আপিলের রায় বাতিল করে যেন আমাদের রিভিউ গ্রহণ করে সেটা চেয়েছি।
রিভিউ আবেদনে পার্লামেন্টের ক্ষমতা রি-স্টোর করার কথা বলেছেন? এ প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, না, পার্লামেন্টের জন্য না। পার্লামেন্ট যে সংশোধন করেছিল অর্থাৎ জিয়াউর রহমানের আমলে মার্শাল ল ফরমান দ্বারা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নামে সংবিধানে সন্নিবেশন করা হয়েছিল, সেটাকে বাতিল করে ১৯৭২ সালের সংবিধানের মূল যে অনুচ্ছেদ, তাতে আমরা ফিরে যেতে চেয়েছি।
অ্যাটর্নি জেনারেল বলেন, এখানে অনেকের ধারণা সংসদই তাদের অপসারণ করবে। বিষয়টা তা না। যেকোনো বিচারপতি তিনি যদি অসমর্থ হন বা তার বিরুদ্ধে যদি অসদাচরণের কোনো অভিযোগ ওঠে, সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে কীভাবে তদন্ত হবে সেটা উল্লেখিত হবে ৯৬(৩) অনুচ্ছেদ অনুযায়ী। সেই তদন্ত হওয়ার পর তদন্ত কমিটি যদি মনে করে যে, তিনি দোষী, সেই ক্ষেত্রে তদন্ত কমিটি রিকমেন্ডেশন করবে তার অপসারণের জন্য। সেই রিকমেন্ডেশনটি পার্লামেন্টে যাবে এবং দুই তৃতীয়াংশ ভোটে সমর্থিত হলেই তখন সেটা রাষ্ট্রপতির কাছে যাবে চূড়ান্ত আদেশের জন্য। কাজেই তদন্ত কমিটি যদি কোনো বিচারপতিকে দোষী সাব্যস্ত না করেন, সেক্ষেত্রে কিন্তু এটা পার্লামেন্টে যাবেই না। কাজেই মুখ্য বিষয় হলো- একজন বিচারপতির বিরুদ্ধে যখন অভিযোগ উত্থাপিত হবে তখন সেটার তদন্ত করার দায়িত্ব কার কাছে থাকবে এবং তদন্তের পদ্ধতিটা কী হবে, তদন্ত কারা কারা করবেন সেটিই হবে মূল বিষয়। এখানে যে পর্যন্ত দোষী সাব্যস্ত করা না হয় সে পর্যন্ত তাকে করার কিছুই নাই।
রিভিউ শুনানির উদ্যোগ নেওয়া প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, অবস্থা বুঝে আমরা ব্যবস্থা নেব।
রিভিউ নিয়ে আপনি কতটুকু আশাবাদী, এ প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, আশাবাদী বলেই তো গত দুই মাস পরিশ্রম করে আমরা রিভিউ পিটিশনটা তৈরি করেছি।
গ্রাউন্ড সম্পর্কে তিনি বলেন, আমরা বলেছি, পার্লামেন্ট মেম্বারদের সম্পর্কে যেসব উক্তি করা হয়েছে, পার্লামেন্ট সম্পর্কে যেসব উক্তি করা হয়েছে, পার্লামেন্ট অপরিপক্ক, পার্লামেন্ট সঠিকভাবে কাজ করতে পারছে না বা সংসদ সদস্যরা ব্যবসায়ী, তারা নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত আছেন এবং নারী সাংসদরা যেহেতু নির্বাচিত না, সেহেতু বিচারপতিদের অপসারণের ব্যপারে তাদের অংশহগ্রহণ করা সঠিক না- এরকম অনেকগুলো পর্যবেক্ষণ বা মন্তব্য আমরা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে বাতিল চেয়েছি।
রিভিউ আবেদনে সবচেয়ে বড় যে যুক্তি আমরা দিয়েছি সেটা হলো, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধানে ছিল, কোনো বিচারপতির বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপিত হলে প্রধান বিচারপতি এবং তার নিচে দুজন জ্যেষ্ঠতম বিচারপতিকে নিয়ে কাউন্সিল গঠিত হবে। তারা এই জিনিসগুলোর শুনানি করবেন। সেখানে সংশ্লিষ্ট বিচারপতিকেও সুযোগ দেওয়া হবে আত্মপক্ষ সমর্থনের। আমাদের সংবিধানে ৯৬(৩) এ যেটা আছে, সেটা হলো এ বিষয়ে সরকার আইন প্রণয়ন করবেন। অর্থাৎ সংসদের দুই তৃতীয়াংশের রেজুলেশন না হলে কোনো বিচারপতিকে অপসারণ করা যাবে না।
আরেকটি বিষয় হলো, ১৯৭২ সালে যখন সংবিধান হয়, ৯৬(২), (৩) বহাল ছিল ১৯৭৫ এ অবৈধ সামরিক সরকার আসার আগ পর্যন্ত। এই সময়টায় কোনো প্রতিষ্ঠান, কোনো দল এমনকি সুপ্রিম কোর্টও এই ৯৬(২), (৩) তে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব হয়ে গেছে, এমন কথা তো কেউ বলেনি? কাজেই আজকে যখন আমরা মার্শাল ল দ্বারা প্রণীত একটি বিধানকে অপসারণ করে সংবিধানের মূল অনুচ্ছেদ প্রতিস্থাপন করতে চাই তখন এটাকে কেন আদালত অবৈধ ঘোষণা করবে?
রিভিউ শুনানিতে রিটকারী পক্ষের বিদেশি আইনজীবী চেয়ে আবেদন প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, আমি বলব, তারা দেশদ্রোহী। দেশের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি তাদের আস্থা থাকলে তারা এ আবেদন করতে পারতেন না। আমাদের ৫০ হাজার আইনজীবী রয়েছে। তারা কি এ শুনানির অযোগ্য? রাষ্ট্রের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি এই আস্থাহীনতা খুবই নিন্দনীয়।
প্রসঙ্গত, রোববার সকালে সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় বাতিল চেয়ে রিভিউ আবেদন করে রাষ্ট্রপক্ষ। ৯০৮ পৃষ্ঠার রিভিউ আবেদনে আপিলের রায় বাতিল চেয়ে ৯৪টি যুক্তি দেখানো হয়েছে।


