স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করবেন ‘বড় ভাই’, ‘ভাই ভাই’ ও ‘সুমন বাহিনী’

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করবেন সুন্দরবনের জলদস্যু ‘বড় ভাই’, ‘ভাই ভাই’ ও ‘সুমন বাহিনীর’ প্রধানসহ ৩৮ জন সদস্য। এ সময় ৩৮টি আগ্নেয়াস্ত্র ও ২ হাজার ৯৬৯ রাউন্ড গোলাবারুদ জমা দেবেন তারা।

আজ মঙ্গলবার দুপুরে বরিশালের র‌্যাব-৮ এর কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করবেন ওই জলদস্যুরা।

আত্মসমর্পণকারীদের মধ্যে বড় ভাই বাহিনীর ১৮ জনের ১৮টি অস্ত্র এবং ১ হাজার ৪২৩ রাউন্ড গোলাবারুদ, ভাই ভাই বাহিনীর আটজনে আটটি অস্ত্র ও ৩৩১ রাউন্ড গোলাবারুদ এবং সুমন বাহিনীর ১২ জনে ১২টি অস্ত্র ও ১ হাজার ২১৫ রাউন্ড গোলাবারুদ জমা দেবেন।

আনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস ও সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ।

এ নিয়ে আজ পর্যন্ত মোট আত্মসমর্পণকারী জলদস্যু বাহিনীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭টি এবং আত্মসমর্পণকারী জলদস্যুর সংখ্যা দাঁড়ালো ১৯০ জনে। আর এ পর্যন্ত জমা দেওয়া অস্ত্রের মোট সংখ্যা ৩২০টি এবং গোলা বারুদ এর মোট সংখ্যা ১৬ হাজার ৮৯০টি।

উল্লেখ্য, সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে জেলে ও বনজীবীরা ছিল এই জলদস্যুদের টার্গেট। তাদের অপহরণ ও মুক্তিপণ আদায় করাই ছিল জলদস্যুদের প্রধান কাজ। র‌্যাব-৮ তাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বিভিন্ন সময়। র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এ পর্যন্ত প্রায় ১০০ জন জলদস্যু নিহত হন। এতে জলদস্যুরা ভীত ও কোণঠাসা হয়ে পড়েন। এক পর্যায় জলদস্যুরা আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন। সেই ধারাবাহিকতায় আজ বড় ভাই, ভাই ভাই ও সুমন বাহিনী স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করবেন।