নিজস্ব প্রতিবেদক : পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশন্যাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম বলেছেন, গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় এ মাসের মধ্যেই চার্জশিট দেওয়া হবে।
রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, এ মামলায় ৭ আসামি এখনও গ্রেপ্তার হয়ে কারাগারে আছে। গত বছরের হামলার ঘটনায় এখন পর্যন্ত সোহেল মাহফুজ, রাজিব, রাশেদ, জাহাঙ্গীর ও রিগ্যানসহ মোট সাতজন গ্রেপ্তার আছে। তারা ঘটনা স্বীকারও করেছে। তবে অল্প কিছু তথ্যের তদন্ত চলছে। হামলায় মাস্টারমাইন্ড, ট্রেইনার, অর্থদাতা, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগীরা সবাই শনাক্ত। গুরুত্বপূর্ণ ৪ আসামির মধ্যে বাশারুজ্জামান চকলেট, ছোট মিজান ও তামিম চৌধুরী নিহত হয়েছে।’
সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘হামলায় আইএসের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। তামিম চৌধুরী ও সারওয়ার জাহান ছিল অন্যতম হামলাকারী। তবে তাদের উদ্দেশ্য ছিল আইএস ও আল কায়েদার মতো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের দৃষ্টি আকর্ষণ করা। এ হামলার পেছনে রাজনৈতিক চিন্তাও রয়েছে।’


