হার যেন পিছু ছাড়ছে না ওয়েস্ট ইন্ডিজের

ক্রীড়া ডেস্ক : এবারের নিউজিল্যান্ড সফরে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ হেরেছে ২-০ তে, ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে। টি-টোয়েন্টি ফরম্যাটের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন তারা। কিন্তু ক্যারিবীয়দের ভাগ্য ফিরল না তাদের পছন্দের ফরম্যাটেও।

আরেকটি বিবর্ণ পারফরম্যান্সে নেলসনে শুক্রবার প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে ৪৭ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। সফরে এ নিয়ে টানা ষষ্ঠ ম্যাচ হারল ক্যারিবীয়রা। তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

১৮৮ রানের বড় লক্ষ্য তাড়ায় মুখ থুবড়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং। দুই কিউই পেসার সেথ রান্স ও ডগ ব্রেসওয়েলের তোপে পড়ে ৬৭ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা।

তখন ওয়েস্ট ইন্ডিজের এক শ’র আগেই অলআউট হওয়ার শঙ্কা জেগেছিল। কার্লোস ব্রাফেট, অ্যাসলে নার্স ও জেরোম টেলরের তিনটি ইনিংসে শেষ পর্যন্ত এক শ পেরোতে পারলেও ১৯ ওভারে ১৪০ রানেই অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

অধিনায়ক ব্রাফেট ১৪ বলে করেন ২১ রান। নার্স অপরাজিত ছিলেন ৯ বলে ২০ রান করে। ২০ রান আসে টেলরের ব্যাট থেকেও। দলের সবচেয়ে বড় তারকা ক্রিস গেইল ১০ বলে করেন ১২। সর্বোচ্চ ২৭ রান আন্দ্রে ফ্লেচারের।

নিউজিল্যান্ডের হয়ে রান্স ও টিম সাউদি নিয়েছেন ৩টি করে উইকেট। ব্রেসওয়েল পেয়েছেন ২টি উইকেট। একটি করে উইকেট পেয়েছেন দুই স্পিনার মিচেল স্যান্টনার ও ইশ সোধি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে কলিন মানরো ও গ্লেন ফিলিপসের ফিফটিতে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৭ রানের পুঁজি গড়েছিল নিউজিল্যান্ড।

৪০ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৫৫ রান করেন ফিলিপস। ম্যাচসেরাও হয়েছেন তিনিই। ৩৭ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৫৩ রান করেন মানরো। স্যান্টনার ও রস টেলরের ব্যাট থেকে আসে যথাক্রমে ২৩ ও ২০ রান।