ক্রীড়া প্রতিবেদক : অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সিরিজকে সামনে রেখে চলছে জাতীয় দলের ক্যাম্প। চলতি কন্ডিশনিং ক্যাম্পের মধ্যেই পেসারদের নিয়ে আলাদা করে কাজ করবেন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।
ওয়ালশ ঢাকায় ফিরেছেন শনিবার। রোববার মিরপুরে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানালেন আগামী ২-৩ দিনের মধ্যেই পেসারদের ক্যাম্প শুরু হবে। শুধু জাতীয় দলের ক্রিকেটাররা নন, জাতীয় দলের বাইরে থাকা কয়েকজন পেসারও এ ক্যাম্পে অংশ নিবে। বিশ্বস্ত সূত্রে থেকে জানা গেছে, মোট ১৫ পেসারকে নিয়ে হবে ওয়ালশের ক্যাম্প। তবে এ ক্যাম্পে কারা থাকবেন তা এখনও চূড়ান্ত করেনি নির্বাচক প্যানেল। জানা গেছে ১৫ পেসারের তালিকায় জাতীয় দলের বাইরে এইচপি (হাইপারফরম্যান্স দল) ও ঘরোয়া ক্রিকেটে ভালো করা এবং প্রতিভাবান পেসারদেরও ডাকা হবে।
এদিকে গত শুক্রবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, শীঘ্রই বাংলাদেশের স্পিন বোলিং কোচ চূড়ান্ত করবে বিসিবি। তিন-চারজনের সঙ্গে কথাও হয়েছে। আজ আকরাম খান একই কথা বললেন, ‘আমরা তিন চার জনের সঙ্গে কথা বলেছি। কিছুদিনের মধ্যেই বিষয়টি নিষ্পত্তি হয়ে যাবে। চূড়ান্ত হলে আমরা নাম প্রকাশ করব। আমরা চেষ্টা করছি এশিয়ান কোনো কোচকে দলে অন্তর্ভূক্ত করতে।’
এর আগে বিসিবি ঘোষণা দিয়েছিল দক্ষিণ আফ্রিকার গ্রেট জন্টি রোডস বাংলাদেশ দলকে ফিল্ডিং কোচিং করাবেন কিছুদিনের জন্য। দীর্ঘ সময় হয়ে গেলেও জন্টি রোডসকে আনতে পারেনি বিসিবি। আকরাম খান জানালেন, অস্ট্রেলিয়া সিরিজের আগে রোডসকে পাওয়ার কোনো সম্ভাবনা নেই।’
ব্যস্ত রোডসকে কবে আনতে পারবে সেটাও বলতে পারেননি তিনি।


