অতিথি পরিচয়ে চুরি একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার

চট্টগ্রাম: অতিথি পরিচয় দিয়ে বাসায় ঢুকে কৌশলে জিনিসপত্র চুরি করে এমন একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১ মার্চ) ভোরে পূর্ব নাসিরাবাদ এলাকার একটি বাসায় চুরির সময় মালামালসহ তাদের দুইজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ৪০টি মোবাইল, তিনটি ল্যাপটপ, পাঁচটি ট্যাবসহ বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করেছে।

গ্রেফতার দুইজন হলো- আকবরশাহ বিশ্বকলোনি এলাকার মোজাম্মেল হকের ছেলে নুর মোহাম্মদ প্রকাশ রাসেল (২৮) ও সীতাকুণ্ড জলিল টেক্সটাইল গেইট এলাকার মো. ইব্রাহিমের ছেলে মো. রবিউল হাসান রবি প্রকাশ রকি (৩০)। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, অতিথি পরিচয় দিয়ে বাসায় ঢুকে কৌশলে জিনিসপত্র চুরি করে এমন একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৪০টি মোবাইল, তিনটি ল্যাপটপ, পাঁচটি ট্যাবসহ বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করেছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী বলেন, গ্রেফতার দুইজন এলাকায় খুব ভদ্র। তারা পরিপাটি হয়ে টার্গেট করা বাসায় যায়। সিকিউরিটি গার্ডকে অতিথি পরিচয় দিয়ে কৌশলে টার্গেট করা বাসায় যায়। যদি কেউ দেখে ফেলে তাহলে ভুলে চলে এসেছে জানিয়ে সেখান থেকে সটকে পড়ে। কেউ না দেখলে মালামাল চুরি করে নিয়ে পালিয়ে যায়।

তিনি বলেন, গত সেপ্টেম্বরে দক্ষিণ খুলশী এলাকায় মেহেদী হাসান নামের এক ব্যক্তির বাসায় ঢুকে করে তারা এলইডি টেলিভিশন চুরি করে। ফেব্রুয়ারি মাসে ডেবার পাড় এলাকায় এক প্রকৌশলীর বাসায় বিভিন্ন সরঞ্জাম চুরি করে। এসব চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে তাদের সন্ধান পাওয়া যায়।