অতীতের ব্যর্থতা আমাকে যুদ্ধ করতে শক্তি যোগায়

বিনোদন ডেস্ক : ‘বোঝে না সে বোঝে না’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজরে পড়েন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমাটি পরিচালনা করেন নির্মাতা রাজ চক্রবর্তী। অভিনয় ক্যারিয়ারে এটি মিমির দ্বিতীয় সিনেমা। এতে অভিনয় করতে গিয়েই প্রেমে পড়েন এই পরিচালকের। প্রেমের সম্পর্কে জড়িয়ে বিস্তর আলোচনায় উঠে আসেন এই নায়িকা।

পরবর্তী সময়ে ‘যোদ্ধা-দ্য ওয়ারিয়র’, ‘খাদ’, ‘জামাই ৪২০’-এর মতো বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দেন মিমি। টলিউডের প্রথম সারির সব চিত্রনায়কের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে নিজের সক্ষমতার পরিচয় দেন তিনি। তবে মিমি অভিনীত ‘পোস্ত’, ধনঞ্জয়’, ‘টোটাল দাদাগিরি’ সিনেমা গত বছর ও চলতি বছর মুক্তি পায়। বক্স অফিসে পরপর ব্যর্থ হয় এসব সিনেমা। শুধু বক্স অফিস ব্যর্থতা নয়, এ নায়িকার প্রত্যাশাও পূরণ হয়নি বলে জানা যায়।

এ প্রসঙ্গে মিমি চক্রবর্তী বলেন, ‘অতীতের ব্যর্থতা আমাকে যুদ্ধ করতে শক্তি যোগায়। আমি এমন অনেক সিনেমা করেছি, যেগুলোর শুরু থেকেই জানি ওইসব সিনেমা ব্যবসায়ীকভাবে সফল হবে না। আবার সফল হবে জেনেও অনেক সিনেমা ফিরিয়ে দিয়েছি। কারণ ওইসব সিনেমার চরিত্র আমাকে টানেনি। আর আমি এভাবেই কাজ করি। ব্যর্থতা জীবনের অংশ কিন্তু ব্যর্থ হওয়া মানেই জীবন শেষ নয়।’

মিমি অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ক্রিসক্রস’। বিরসা দাশগুপ্ত পরিচালিত এ সিনেমায় একই শহরের পাঁচজন নারীর পাঁচ রকমের জীবন যাত্রা দেখানো হয়েছে। এতে ইরা চরিত্র রূপায়ন করেছেন মিমি চক্রবর্তী। তিনি একজন চিত্র সাংবাদিক। পাঁচ নারীর একজনের নাম মিস সেন। এ চরিত্রটি রূপায়ন করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। খুব শিগগির মুক্তি পাবে সিনেমাটি।