অত্যাধুনিক মার্কিন ‘রিপার’ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানের আকাশে একটি অত্যাধুনিক মার্কিন-ইসরাইলি ‘এমকিউ-৯ রিপার’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে তারা। ড্রোনটিকে ‘আগ্রাসী শত্রু’র সম্পদ হিসেবে বর্ণনা করে ইরানের আকাশ প্রতিরক্ষা ইউনিট জানিয়েছে, ড্রোনটি ইরানের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করছিল।

বার্তা সংস্থা তাসনিম-এর প্রতিবেদন অনুযায়ী, ভূপাতিত ড্রোনটি নজরদারি এবং নিখুঁত হামলার জন্য পরিচিত বিশ্বের অন্যতম শক্তিশালী ড্রোন। সামরিক জনসংযোগ কর্মকর্তারা জানিয়েছেন, এটি নিয়ে ইরান এ পর্যন্ত মোট ১৪৬টি শত্রু ড্রোন ধ্বংস করার রেকর্ড গড়ল।

বিশেষজ্ঞরা বলছেন, একেকটি এমকিউ-৯ রিপার ড্রোনের নির্মাণ খরচ প্রায় ৩ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৩০ কোটি টাকার বেশি)।

ইসনা নিউজ এজেন্সি জানিয়েছে, ড্রোন ভূপাতিত করার ঘটনার পাশাপাশি ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন-ইসরাইলি বাহিনী। মারকাজি প্রদেশের মাহাল্লাত শহরে গত রাতে চালানো এক ভয়াবহ হামলায় অন্তত ১১ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের দেওয়া উদ্ধৃতিতে মার্কিন এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার (৩১ মার্চ) ভোররাতে ইসফাহানের এক গুরুত্বপূর্ণ অস্ত্র গুদামে হামলাটি চালানো হয়, এ হামলায় ২০০০ পাউন্ড (প্রায় ৯০৭ কেজি) ওজনের বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করা হয়।

ওই কর্মকর্তা বলেন, ‘এ হামলায় বিপুল সংখ্যক বাঙ্কার বাস্টার ব্যবহার করা হয়েছে।’