নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম হত্যা মামলায় দুই জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে অপর তিন জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ডসহ ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
রায় ঘোষণার সময় কাঠগড়ায় চারজন আসামি উপস্থিত ছিলেন। পরে কঠোর নিরাপত্তায় তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়।
মঙ্গলবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় ঘোষণা করেন বিচারক শিরিন কবিতা আখতার। এর আগে হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন গত ১১ এপ্রিল দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত রায় ঘোষণার দিন ধার্য করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি সদস্যরা হলেন- রাবির ইংরেজি বিভাগের ছাত্র শরিফুল ইসলাম ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাসকাওয়াত হোসেন সাকিব। এদের মধ্যে শরিফুল ইসলাম পলাতক রয়েছেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স বিভাগের শিক্ষার্থী রহমতুল্লাহ ওরফে শাহিন, নগরীর খড়খড়ি বাইপাস এলাকার আবদুস সাত্তার ও তার ছেলে খায়রুল ইসলাম ওরফে রিপন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু বলেন, ‘এই রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।’ তিনি আশা করেন উচ্চ আদালতে যেন এই রায় বহাল রাখা হয়। কেননা দীর্ঘ তদন্ত ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিচারক শিরিন কবিতা আখতার এই রায় দিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলার অভিযুক্ত আট আসামির মধ্যে খায়রুল ইসলাম বাঁধন, নজরুল ইসলাম ওরফে বাইক হাসান ও তারেক হাসান ওরফে ওসমান অভিযোগপত্র দেওয়ার আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। এ মামলায় মোট ৩২ জন সাক্ষী ছিলেন। তবে আদালতে ২৬ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ২০১৬ সালের ৬ নভেম্বর আটজনকে আসামি করে তদন্তকারী কর্মকর্তা রাজশাহীর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক রেজাউস সাদিক আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন।
নিহত শিক্ষক রেজাউল করিমের মেয়ে রিজওয়ানা হাসিন শতভি জানান, এই রায়ে তারা সন্তুষ্ট। উচ্চ আদালতেও যেন এই রায় বহাল থাকে। তবে শরিফুল বাবা হত্যার মূল পরিকল্পনাকারী। কিন্তু সে এখনো গ্রেপ্তার হয়নি। গ্রেপ্তার না হওয়ায় তাদের খুব কষ্ট হয়।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২৩ এপ্রিল সকালে রাজশাহীর শালবাগান এলাকায় নিজের বাড়ি থেকে মাত্র ৫০ গজ দূরে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয় রাবির ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে। ঘটনার পরদিন নিহতের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে বোয়ালিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তভার দেওয়া হয় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশকে।


