অপকর্মে প্রবাসীর স্ত্রীর নবজাতক সন্তান নিয়ে ইউএনওর কাছে অভিযোগ
এম এ হান্নান,ভোলা : ভোলা লালমোহন ফরাজগঞ্জ ইউনিয়নে ইউপি সদস্যের পরকীয়ায় প্রবাসীর স্ত্রী অন্ত:সত্ত্বা হয়ে সন্তান প্রসব করেছে। নবজাত সন্তান নিয়ে শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ জানিয়েছে সন্তানের মা। জানা গেছে, লালমোহন ফরাজগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য নাসিম একই এলাকার ওমান প্রবাসী হাসিমের স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পরে। হাসিম দুই বছর পূর্বে ওমান গেলে ওই সুযোগে তারা অবৈধ মেলামেশা শুরু করে। প্রবাসীর স্ত্রী অন্ত:সত্ত্বা হয়ে পড়লে ইউপি সদস্য নাসিমকে জানালে সে বিয়ের আশ্বাস দিয়। প্রবাসীর স্ত্রীকে সরকারি চাল দেয়াসহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ারও আশ্বাস দেয় ইউপি সদস্য নাসিম। ১৪ ডিসেম্বর প্রসব বেদনা উঠলে মেম্বার নাসিম তাকে ইউনিয়নের পেশকারহাট সেবা মেডিকেল নিয়ে যায়। পরে তার সন্তান প্রসব হলে সাতবাড়িয়া ভাইয়ের বাসায় সন্তানসহ রেখে আসে। এ ঘটনা জানাজানি হলে যোগাযোগ বন্ধ করে আত্মগোপনে চলে যায় মেম্বার। তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। তবে মেম্বারের স্ত্রী তার স্বামী নির্দোষ বলে দাবী করেন। তাকে ফাঁসাতে একটি চক্র এ বদনাম রটাচ্ছে।
এদিকে সন্তানের পিতৃপরিচয় দেওয়ার দাবি নিয়ে শনিবার উপজেলা নির্বাহী অফিসার মো: শামছুল আরিফের কাছে অভিযোগ জানান ওমান প্রবাসীর ওই স্ত্রী। উপজেলা নির্বাহী অফিসার মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগমকে দায়ীত্ব দেন অভিযুক্ত ইউপি সদস্যকে ডেকে বিয়ের ব্যবস্থা করতে। বিয়ে না করলে আইনের আশ্রয় নিতে বলেন ওই সন্তানের মাকে।


