অপহৃত ব্যবসায়ীর সন্ধান পায়নি পুলিশ

নিজস্ব প্রতিবেদক : রোববার বিকেলে গুলশান থেকে অপহৃত আরএমএম লেদার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অনিরুদ্ধ কুমার রায়ের সন্ধান পায়নি পুলিশ।

গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিকি বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার। এরপরই তাকে উদ্ধারে কাজ শুরু করেছে পুলিশ।

পুলিশ জানায়, অনিরুদ্ধ রায় ইউনিয়ন ব্যাংকে কাজে এসেছিলেন। কাজ শেষ করে যখন বের হন, তখন একটি মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় ওই ব্যবসায়ীর গাড়ি নিয়ে তার চালক অপেক্ষা করেছিলেন। ব্যাংকের সিসিটিভি ফুটেজ উদ্ধারের চেষ্টা চলছে।

থানার জিডিতে উল্লেখ করা হয়, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে গুলশান ১ নম্বরের পাশে ইউনিয়ন ব্যাংকের সামনে থেকে ডিবি পরিচয়ে অনিরুদ্ধ রায়কে তুলে নেওয়া হয়। এ সময় তার গাড়িচালকও সঙ্গে ছিলেন। তবে গাড়িচালককে তারা রেখে যায়।