নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর তানোরে জঙ্গিবিরোধী বিশেষ অভিযান ‘রি-বার্থ’ এ গ্রেপ্তার আট জঙ্গিকে রিমান্ডে নিয়েছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ ছয় জনের ১০ দিন করে এবং দুইজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
দুপুরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর ওই আটজনকে আদালতে হাজির করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তাদের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই সিদ্দিকুর রহমান।
রিমান্ডে নেওয়া আট আসামি হলেন, তানোরের ডাঙ্গাপাড়া এলাকার রমজান আলী (৫৫), তার স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে ইসরাফিল আলম (২৬) ও ইব্রাহিম হোসেন (৩৪), জামাতা রবিউল ইসলাম (৩৫), মেয়ে হাওয়া বেগম (২৩), ইব্রাহিমের স্ত্রী মর্জিনা বেগম (৩০) ও ইসরাফিলের স্ত্রী হারেছা খাতুন (২২)।
এদের মধ্যে হাওয়া বেগম ও মর্জিনা বেগমকে পাঁচ দিনের করে রিমান্ডে নেওয়া হয়েছে। অন্যদের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শক খুরিশদা পারভীন কণা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল ৪টার দিকে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের রিমান্ড শুনানি হয়। শুনানি শেষে আদালতের বিচারক সাইফুল ইসলাম ছয় জনের ১০ দিন করে এবং দুইজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আইনি প্রক্রিয়া শেষে আসামিদের ফের থানায় নিয়েছে পুলিশ।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, থানার পিএসআই জাহিদুল ইসলাম বাদী হয়ে দুপুরে ওই আটজনের নামে মামলা দায়ের করেন। সন্ত্রাসবিরোধী আইনের ওই মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ২০ থেকে ২৫ জনকে। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সিদ্দিকুর রহমানকে।
তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত ইসরাফিলের স্ত্রী হারেছা খাতুনের বড় দুলাভাই আব্দুস সবুর খান ওরফে সোহেল ওরফে মাহাফুজ। তিনি কুষ্টিয়ার কুমারখালী খাদিপুর শিয়ালদহ এলাকায় রেজাউল করিমের ছেলে। আব্দুস সবুর খান পুলিশের তালিকাভুক্ত দুর্ধর্ষ জঙ্গি। তার হাত ধরেই ওই পরিবার নব্য জঙ্গিতে জড়িয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশকে এই তথ্য দিয়েছেন। সেগুলো যাচাই-বাছাইয়ের জন্য তাদের রিমান্ডে নেওয়া হয়েছে।
গত রোববার গভীর রাতে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও রাজশাহী জেলা পুলিশ তানোর উপজেলার গৌরাঙ্গপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রমজান আলীর ডাঙাপাড়া এলাকার বাড়ি ঘেরাও করে। দুই দফায় সেখান থেকে আটজনকে আটক করা হয়।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে শেষ হয় পুলিশের বিশেষ অভিযান ‘রি-বার্থ’। পুলিশের ভাষ্য, এ অভিযানে ১ লাখ ২৭ হাজার ৮৭৭ টাকা, চেকের ১০টি মুড়ি, একটি ডিভিডি ডিস্ক, ৩০০ গ্রাম স্প্লিন্টার ও লোহার ছোট বল, ৮টি বোমা তৈরির সুইচ, তিনটি সুইসাইডাল ভেস্ট, দুটি মোটারসাইকেল, একটি ল্যাপটপ, পাঁচটি স্মার্টফোন ও কিছু জিহাদি বই উদ্ধার করা হয়।
অভিযানে ইব্রাহিমের তিন মেয়ে তামান্না খাতুন (৮), তাসকিরা খাতুন, (৪), তানসিরা খাতুন (৬ মাস) এবং হাওয়া খাতুনের তিন মাস বয়সি কন্যাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে তামান্না ও তাসকিরাকে স্বজনদের জিম্মায় দেওয়া হয়েছে। অন্য দুই শিশু মায়ের সঙ্গেই রয়েছে।


