অপু উকিলের বিরুদ্ধে মানহানি মামলার

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করায় বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিলের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন করা হয়েছে।

একটি বেসরকারি টেলিভিশনের টকশো অনুষ্ঠানে খালেদা জিয়াকে কটূক্তি করায় মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম একেএম মঈন উদ্দিন সিদ্দিকীর আদালতে মামলার আবেদন করেন বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক মো. জিল্লুর রহমান।

আদালতে বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান বিচারক।

মামলায় অভিযোগ করা হয়েছে, গত ২ আগস্ট চ্যানেল আইয়ের ‘তৃতীয় মাত্রা’ অনুষ্ঠানে অপু উকিল বলেন, খালেদা জিয়া তাজ হোটেলে একটি বৈঠক করেছেন। ওই বৈঠকে যুদ্ধাপরাধী চৌধুরী মঈনুদ্দিনসহ জামায়াতের অনেক নেতা উপস্থিত ছিলেন। এমনকি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার অনেক কর্মকর্তাও উপস্থিত ছিলেন। বৈঠকের মূল বিষয় ছিল বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেভাবেই হোক হত্যা করতে হবে।

পরের দিন একটি অনলাইন পত্রিকায় ‘তাজ হোটেলে বিএনপির বৈঠকে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। সেখানে অপু উকিলের একটি ছবিও ছাপা হয়।

মামলায় বাদী আরো উল্লেখ করেছেন, সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি মনে করি, এ ধরনের মন্তব্যে খালেদা জিয়ার সামাজিক ও রাজনৈতিক মানসম্মান ক্ষুণ্ন হয়েছে। এ ছাড়া তিনি রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে তিনজনকে সাক্ষী করা হয়েছে।