জেলা প্রতিনিধিঃ চাঁদপুরের পদ্মা-মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ভাঙনকবলিত লোকজন। বালুখেকোদের হাত থেকে নিজেদের ভিটেমাটি রক্ষায় মেঘনা নদীর পারে স্মরণকালের বিশাল এ মানববন্ধনে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, আওয়ামী লীগ নেতাকর্মী ও চরাঞ্চলের নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। মঙ্গলবার সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে মানববন্ধন হয়। এ সময় নিজেদের ভিটে-মাটি রক্ষার জন্য বালু উত্তোলন বন্ধ এবং বালুখেকো নামে পরিচত সেলিম খানের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
ভাঙনকবলিতরা জানান, চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান সেলিম খান দীর্ঘদিন অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন। প্রশাসন ও আদালত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় দুবছর ধরে বালু উত্তোলন বন্ধ রাখেন। কিন্তু কিছুদিন ধরে আবারও তিনি অবৈধভাবে বালু উত্তোলন শুরু করেছেন। এতে নদী ভাঙনের হুমকির মুখে পড়েছে বিস্তীর্ণ এলাকা।
স্থানীয় নাগরিক সমাজের কয়েকজন ও আওয়ামী লীগ নেতাকর্মীরা বলেন, আমরা চাই নদীতে বালু-সন্ত্রাস বন্ধ করে আমাদের ঘরবাড়ি রক্ষা করা হোক। নদীভাঙনের কবলে যারা পড়েছেন, শুধু তারাই বুঝবেন এ কষ্ট কেমন। তাই বালুখেকোদের অবৈধ কর্মকাণ্ড বন্ধ করে তাদের হাত থেকে রাজরাজেশ্বরসহ চাঁদপুরকে রক্ষা করতে স্থানীয় সংসদ-সদস্য সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি, জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাই। মানববন্ধনে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী বেপারী বলেন, কারা অবৈধভাবে বালু কেটে নিচ্ছে, তা অনেকেই জানেন। এতে আমাদের ইউনিয়নের বাড়িঘর নদীভাঙনের কবলে পড়ে বিলীন হয়ে যাচ্ছে। তাদের বালু উত্তোলনের বিষয়ে জানতে গেলে তারা আমাদের কয়েকজনকে বেধড়ক মারধর করেছে। বিষয়টি আমরা স্থানীয় প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি।
তিনি বলেন, তারা বিভিন্ন ব্যক্তি ও গ্রুপের নাম ভাঙিয়ে দিনরাতে বালু কাটে। কখনো আবার বলে সরকার তাদের বালু উত্তোলনের অনুমতি দিয়েছে। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস আমাদের জানিয়েছে, বালু উত্তোলনে কোনো বৈধতা নেই। তাই অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে আমাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য যা যা করণীয়, আমরা তা ঐক্যবদ্ধভাবে করব।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান রাজ্জাক চোকদার, চাঁদপুর জেলা যুবলীগের সদস্য ঢালী মো. শুক্কুর, ইউপি মেম্বার শফিক কুড়ালী, ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শরবত আলী গাজী, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হুকুম আলী সরদার ও লিটন দেওয়ান, স্থানীয় মুরুব্বি সুফিয়ান পাটোয়ারী, হাফেজ দেওয়ান, হারুন ঢালী, এরশাদ ঢালী, হানিফা ঢালী, উপজেলা যুবলীগের সদস্য শাহজালাল বন্দুকশী প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বালুখেকো চাঁদপুরের আলোচিত ও সমালোচিত সেই ইউপি চেয়ারম্যান সেলিম খান উচ্চ আদালতে মিথ্যা তথ্য দিয়ে রাষ্ট্রের প্রাকৃতিক খনিজসম্পদ পদ্মা-মেঘনার বালু আবারও উত্তোলন ও বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিতে নদীতে ড্রেজার বসিয়েছে। এবার আদালতের চোখ ফাঁকি দিতে চেয়ারম্যান তার মেয়ে সেলিনা আক্তারের নামে (লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সাবেক নেতা নজির খানের স্ত্রী) নিপা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। এই নামে আদালত থেকে একটি অনুমোদন ভাগিয়ে আনেন বলে এলাকায় জনশ্রুতি রয়েছে। সেই আলোকে বেশ কিছুদিন ধরে চাঁদপুর রাজরাজেশ্বর এলাকায় অসংখ্য ড্রেজার দিয়ে বালু কাটছিল সেলিম খান ও তার লোকজন।
৩ জুন সোমবার প্রশাসনের রাজস্ব বিভাগ অভিযান পরিচালনা করে তার সেই বালু উত্তোলন বন্ধ করে দেয় এবং মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানের সময় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বালু উত্তোলন ও বিক্রির প্রায় সাড়ে ১১ লাখ টাকাও জব্দ করা হয়েছে।


